img

পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪

প্রকাশিত :  ০৭:০০, ০৩ আগষ্ট ২০২৬

 পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলার পর ঘটনাস্থল ঘিরে উদ্ধার অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী এবং ঘটনার তদন্ত চলছে।

আজ রোববার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরে এ হামলার ঘটনা ঘটে।

সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, পুলিশ স্টেশনের প্রবেশমুখে দায়িত্বে থাকা সদস্যরা এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশির চেষ্টা করলে তিনি শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।

সোয়াত অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অব পুলিশ ফিদা হুসেইন জানান, হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন।

বিস্ফোরণটি এমন সময় ঘটে, যখন পাশের একটি মোড়ে কয়েকশ মানুষ এলাকায় ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে সমাবেশ করছিলেন।

সমাবেশের শেষ বক্তা বক্তব্য দেওয়ার সময়ই বিস্ফোরণ ঘটে। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন।

উমর খান বলেন, ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে।

আহতদের কাছের শহর সাইদু শরিফের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একইসঙ্গে পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিক্ষোভকারীরা মূলত সোয়াতে আবারও বেড়ে চলা সহিংস হামলার প্রতিবাদ জানাতে সমবেত হয়েছিলেন। ২০০৯ সালে সামরিক অভিযানের আগে পাকিস্তানি তালেবানের অন্যতম শক্ত ঘাঁটি ছিল এই সোয়াত উপত্যকা।

সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক এর আরও খবর

img

ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানে চলছে গোপন আলোচনা

প্রকাশিত :  ১২:১৯, ০৩ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৩০, ০৩ আগষ্ট ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে তাকে চিকিৎসাজনিত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দেশটির প্রভাবশালী সামরিক সূত্র এবং ইমরান খানের পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, তাকে মুক্তির বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের নিভৃত প্রকোষ্ঠে গত তিন বছর ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় বন্দী রয়েছেন ৭৩ বছর বয়সি এই নেতা। গত কয়েক মাস ধরে আত্মীয়স্বজন ও আইনজীবীদের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকায় এবং চোখের অস্ত্রোপচারের পর তার স্বাস্থ্যের অবনতি ঘটায় পরিবার ও সমর্থকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

দ্য অবজারভারকে দেওয়া এক বিবৃতিতে ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাসিম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের পিতাকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং নিরপেক্ষ যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। তার আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারিও একই শঙ্কা প্রকাশ করে অবিলম্বে তাকে মেডিকেল গ্রাউন্ডে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। 

এর আগে ২০১৯ সালে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাই নওয়াজ শরীফের ক্ষেত্রেও অনুরূপ একটি চুক্তির মাধ্যমে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। তবে ইমরান খানের মুক্তির ক্ষেত্রে দেশত্যাগের বাধ্যবাধকতা, রাজনীতি থেকে দূরে থাকা এবং চুপ থাকার মতো কঠিন শর্ত জুড়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের এই অধিনায়ক অত্যন্ত আপসহীন চরিত্রের মানুষ হওয়ায় সহজে এই শর্তগুলো মেনে নেবেন না। মানবাধিকার আইনজীবী ও ইমরানের ব্যক্তিগত বন্ধু ক্লাইভ স্টাফোর্ড স্মিথ মনে করেন, ইমরান খান নিজের নীতিতে অটল থাকবেন এবং সামরিক নেতৃত্বও তাকে সহজে মুক্তি দেওয়ার ঝুঁকি নিতে চাইবে না। 

২০১৮ সালে সামরিক বাহিনীর প্রচ্ছায়ায় ক্ষমতায় আসলেও পরবর্তীতে সেনাকর্তাদের সঙ্গে বিরোধের জেরে ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে তাকে রাজনীতি ও গণমাধ্যম থেকে মুছে ফেলার সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে দেশটির সরকার ও সামরিক কর্তৃপক্ষ। 

বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী অবশ্য সামরিক বাহিনীর কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করে জানিয়েছেন, ইমরানের মামলাগুলোর ফায়সালা একমাত্র আদালতেই হবে এবং মেডিকেল গ্রাউন্ডে তাকে জামিন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

আন্তর্জাতিক এর আরও খবর