img

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

প্রকাশিত :  ০৮:০৭, ২২ আগষ্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখনই শেষ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, বর্তমানে ইরান শক্তিশালী অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক আলোচনা স্থবির থাকলেও যুদ্ধ বন্ধের এটাই উপযুক্ত সময়।

শুক্রবার (২২ আগস্ট) চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘আমরা এখন শক্তি ও মর্যাদার অবস্থানে আছি। তাই যুদ্ধটি এখনই শেষ করা আমাদের জন্য ভালো হবে।’

তিনি দাবি করেন, ‘বিশ্ব এখন ইরানের বিজয় স্বীকার করছে।’

তার অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সব নিয়মকানুন লঙ্ঘন করে ইরানের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোয় হামলা চালিয়েছে। এ কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পক্ষে পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনেই চূড়ান্তভাবে প্রেসিডেন্টের ক্ষমতা সীমাবদ্ধ। এর মধ্যেই জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি সমঝোতা স্মারক নিয়ে দেশের কট্টরপন্থি এমপিদের সমালোচনার জবাব দিয়েছেন পেজেশকিয়ান।

কট্টরপন্থিরা অভিযোগ করেছিলেন, ওই সমঝোতায় ইরান যুক্তরাষ্ট্রকে বিভিন্ন ছাড় দিয়েছে।

জবাবে পেজেশকিয়ান বলেন, ‘এই চুক্তিতে এমন একটি ধারাও তারা দেখাতে পারবে না, যা আত্মসমর্পণের ইঙ্গিত দেয়। সব প্রতিশ্রুতিই অন্য পক্ষের জন্য প্রযোজ্য।’

তবে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন পরই নতুন কোনো হুমকি এলে পালটা হামলার জন্য দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছে ইরানের সামরিক নেতৃত্ব। 

ইরানের সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেন, ‘স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার—সব ক্ষেত্রেই প্রস্তুতি রয়েছে। ‘ নতুন কোনো হুমকি এলে শত্রুকে কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তথ্যসূত্র: আল জাজিরা

আন্তর্জাতিক এর আরও খবর

img

ভারতের ছয় নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

প্রকাশিত :  ০৯:৩১, ২২ আগষ্ট ২০২৬

ছয় ভারতীয় নাবিক সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছেন। ক্যামেরুনের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ দখল করে জলদস্যুরা উপকূলের দিকে নিয়ে গেছে বলে জানা গেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে সোমালিয়ার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ছিনতাই করা হয়।

সোমালিয়ার কর্মকর্তার দাবি, আটজন জলদস্যু জাহাজটি দখল করে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তা প্রকাশ্যে নিজের পরিচয় জানাননি।

জানা গেছে, জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্রের পাশাপাশি বিভিন্ন যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল।

কর্তৃপক্ষের ধারণা, জাহাজটি দখল করা জলদস্যুরা এর আগেও বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকতে পারে। গত ২৬ এপ্রিল সোয়ার্ড নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনাতেও তাদের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

জাহাজটির মালিক একটি শিপিং প্রতিষ্ঠান বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভারত বা তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর