img

বাবা-মা বাড়ি ছাড়তে বলায় পারিবারিক নৈশভোজে হামলা, শিশুসহ নিহত ৮

প্রকাশিত :  ০৯:১২, ২৬ আগষ্ট ২০২৬

বাবা-মা বাড়ি ছাড়তে বলায় পারিবারিক নৈশভোজে হামলা, শিশুসহ নিহত ৮

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংস এলাকায় পারিবারিক নৈশভোজে গুলিতে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। হামলার পর বাড়িটিতে আগুন ধরিয়ে দেন হামলাকারী। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আত্মঘাতী গুলিতে তারও মৃত্যু হয়। 

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিলিংসের বাইরে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সেখানে পৌঁছে গুলির শব্দ শোনার পরপরই বাড়িটি আগুনে পুরোপুরি জ্বলতে দেখে। আগুনে বাড়িটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় তদন্তও জটিল হয়ে পড়েছে। 

পরিবারের এক সদস্যের বরাত দিয়ে এপি জানিয়েছে, হামলাকারী ৪৪ বছর বয়সী অ্যালান স্মিথ। নিহত আটজনই তার পরিবারের সদস্য। স্বজনদের ভাষ্য, হামলার কয়েক সপ্তাহ আগে স্মিথের বাবা-মা তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন। এরপর রোববার পারিবারিক নৈশভোজের সময় তিনি বাড়িতে ফিরে এসে গুলি চালান। 

নিহতদের মধ্যে চার শিশুর বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের মধ্যে ১২ বছর বয়সী শার্লট গ্যাকিয়ের হামলার সময় জরুরি নম্বর ৯১১-এ ফোন করে পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছিল বলে স্বজনরা জানিয়েছেন। 

পুলিশের সঙ্গে মুখোমুখি হওয়ার পর অ্যালান স্মিথ নিজেকে গুলি করেন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিচয় ও হামলার কারণ নিয়ে তদন্ত চলছে।

পরিবারের স্বজনদের দাবি, স্মিথের আচরণ নিয়ে আগে থেকেই উদ্বেগের বিষয় ছিল। তবে তার বিরুদ্ধে আগে কোনো অপরাধের অভিযোগ বা গ্রেপ্তারের রেকর্ড পাওয়া যায়নি বলে তদন্তসংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।

এদিকে আগুনে বাড়িটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘটনাস্থলে তদন্তকারীদের কাজ ব্যাহত হচ্ছে। পুলিশ জানিয়েছে, বাড়িটির কাঠামোগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। 

আন্তর্জাতিক এর আরও খবর

img

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

প্রকাশিত :  ০৬:৩২, ২৭ আগষ্ট ২০২৬

সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষাপটে আবহাওয়া দপ্তর ‘রেড এল্যার্ট’ জারি করেছে। গতকাল বুধবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্সের প্রকাশিত একটি বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, ওই অঞ্চলে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটি বাসিন্দাদের চরম সতর্কতা অবলম্বন, জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধ থেকে দূরে থাকা এবং কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে।

লাল সতর্কতা হলো দেশটির আবহাওয়া কেন্দ্রের সর্বোচ্চ সতর্কবার্তা, যা চরম সতর্কতার প্রয়োজন এমন আবহাওয়ার উপস্থিতিতে জারি করা হয়ে থাকে। মক্কা প্রদেশে গত কয়েক দিন ধরেই অস্থির আবহাওয়া এবং বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে।

এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ প্রদেশে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক বন্যার ঝুঁকিসহ ভারী বর্ষণের পূর্ব সতর্কবার্তা জারি করেছিল সংশ্লিষ্ট বিভাগ।

সূত্র: আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক এর আরও খবর