img

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ০৭:১৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৩৮, ০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকেই সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হচ্ছে।

গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ‘সার্বিক কৌশলগত অংশীদারত্বে’ রূপ নিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ জোরদার হচ্ছে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই।

তিনি বলেন, জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেই জাতীয় স্বার্থের বিষয়টি উপেক্ষা করা হবে না।

ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে দেশে অসংখ্য মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে।

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা মেনে নেয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ যেমন অন্য দেশ থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না, তেমনি ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না এটাই বাংলাদেশের প্রত্যাশা।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য।

এর আগে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফর করেন হুমায়ুন কবির। তিনি হজরত শাহজালাল (র.) এর মাজারে জুমার নামাজ আদায় করেন। পরে বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

জাতীয় এর আরও খবর

img

প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

প্রকাশিত :  ০৯:০০, ০৫ সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, ‘অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওরে ছেড়ে দেন। ভালোয় ভালোয় ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম উলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এ বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সঙ্গে সপ্তম দফা হবে, কোনও চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করবো না।’

 


জাতীয় এর আরও খবর