img

লন্ডনের ব্রোমলি হাই স্ট্রিটে দিনদুপুরে ছুরিকাঘাত: আহত ৪, গ্রেপ্তার ৭

প্রকাশিত :  ০৭:৪২, ১২ সেপ্টেম্বর ২০২৬

লন্ডনের ব্রোমলি হাই স্ট্রিটে দিনদুপুরে ছুরিকাঘাত: আহত ৪, গ্রেপ্তার ৭

দক্ষিণ লন্ডনের ব্যস্ততম ব্রোমলি হাই স্ট্রিটে দিনের বেলায় ছুরিকাঘাতের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের একপর্যায়ে চারজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে সাতজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। ব্যস্ত সড়কে প্রকাশ্য দিবালোকে এমন সহিংসতার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনার কারণ ও জড়িতদের ভূমিকা খতিয়ে দেখছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে ব্রোমলি হাই স্ট্রিটে এই সহিংস হামলার সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও জরুরি পরিষেবার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাত্ত অবস্থায় চারজনকে উদ্ধার করেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দল জানিয়েছেন, উদ্ধার করা চারজনের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হলেও তারা শঙ্কামুক্ত। তবে চতুর্থ ব্যক্তির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের বিপুলসংখ্যক সদস্য। পুরো হাই স্ট্রিটে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার প্রকৃত কারণ এবং গ্রেপ্তারকৃত সাত পুরুষের পরিচয় ও সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি তদন্তকারী সংস্থা মেট্রোপলিটন পুলিশ।

যান চলাচল ও বাস রুটে ব্যাপক বিঘ্ন

তদন্তের স্বার্থে ব্রোমলি হাই স্ট্রিটের রিঙ্গার্স রোড থেকে এথেলবার্ট রোড পর্যন্ত এলাকা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যস্ততম এই সড়কটি উভয় দিকে অবরুদ্ধ থাকায় দক্ষিণ লন্ডনের ওই অংশে চরম যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি তুঙ্গে উঠেছে।

পরিবহন ব্যবস্থা সচল রাখতে ট্রাফিক বিভাগ হাই স্ট্রিট দিয়ে যাতায়াতকারী ১৬টি লন্ডন বাস রুট সাময়িকভাবে ঘুরিয়ে দিয়েছে। রুটগুলো হলো: ৬১, ২০৮, ২৬১, ৩২০, ৩৩৬, ৩৫৮, ১১৯, ১৩৮, ১৪৬, ১৬২, ২৪৬, ৩১৪, ৩৫২, ৩৬৭, SL5 এবং ১২৬।

সড়কটি ঠিক কখন পুরোপুরি খুলে দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অপরাধস্থল থেকে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও আলামত সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা।

সূত্র: মাই লন্ডন নিউজ

কমিউনিটি এর আরও খবর

img

নতুন সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করলেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান

প্রকাশিত :  ১৫:৪৭, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৫৩, ২০ নভেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসের শ্যাডওয়েল ও ওয়্যাপিং এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত সেন্ট জর্জেস লেইজার সেন্টারটি নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। এখানে একটি অত্যাধুনিক লেইজার ও বিনোদন কেন্দ্র, কাউন্সিল মালিকানাধীন আবাসন এবং স্থানীয় বাসিন্দাদের জন্য উন্নতমানের সমাগমস্থল নির্মাণ করা হচ্ছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর দুপুরে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান নতুন সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় কেবিনেট সদস্য এবং সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই নির্মাণকাজের উদ্বোধনের মাধ্যমে প্রকল্পটির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। অত্যাধুনিক এই আর্ট ও লেইজার সেন্টারটি বর্তমানে নির্মাণের প্রাথমিক স্তরে রয়েছে। এর নির্মাণকাজ সম্পন্ন হলে শ্যাডওয়েল, ওয়্যাপিংসহ পুরো বারার বাসিন্দারা সেন্ট জর্জেস সেন্টারের সেবা গ্রহণ করতে পারবেন।

নতুন প্রকল্পের অধীনে পুরোনো ও জরাজীর্ণ স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে একটি আধুনিক, উন্নতমানের ও টেকসই আর্ট ও লেইজার সেন্টার গড়ে তোলা হবে, যা আগামী কয়েক দশক ধরে বারার বাসিন্দাদের স্বাস্থ্য ও সুস্থতার সহায়ক হিসেবে কাজ করবে।

নতুন লেইজার সেন্টারে থাকবে ২৫ মিটার দীর্ঘ সুইমিং পুল, নতুন সাঁতারুদের জন্য পৃথক পুল, স্প্ল্যাশ প্যাড, অ্যাক্টিভ প্লে এরিয়া, ব্যাডমিন্টন কোর্টসহ স্পোর্টস হল, নারীদের জন্য পৃথক জিমসহ ফিটনেস সুইট এবং বিশেষায়িত স্টুডিও সুবিধা। পরিবেশগত মানদণ্ড অর্জনের বিষয়টি বিবেচনায় রেখে উন্নয়ন প্রকল্পটি BREEAM Excellent মান অনুসারে নির্মাণ করা হচ্ছে। এটি জনগণের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী স্থাপনা নির্মাণে কাউন্সিলের উচ্চাকাঙ্ক্ষাকেও সমর্থন করে।

আর্ট ও লেইজার সেন্টারের পাশাপাশি এই প্রকল্পের আওতায় কাউন্সিলের মালিকানাধীন ৩০টি নতুন বাড়ি নির্মাণ করা হবে। এর অধিকাংশই পরিবার নিয়ে বসবাসের উপযোগী হবে। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন বাসিন্দাদের জন্য তিনটি বাড়ি থাকবে, যা সম্পূর্ণভাবে প্রবেশযোগ্য হবে।

এছাড়া সেন্ট জর্জস গার্ডেনের উন্নয়ন এবং একটি নতুন খেলার মাঠ নির্মাণের মাধ্যমে আশপাশের এলাকা আরও উন্নত করা হবে। এই খেলার মাঠে ছোট আকারের বহুমুখী ক্রীড়া সুবিধা এবং প্রাকৃতিক উপকরণে নির্মিত খেলাধুলার ব্যবস্থা থাকবে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজ শুরু হওয়া আমাদের বারার জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত। এই প্রকল্পটি আমাদের কমিউনিটির স্বাস্থ্য, সুস্থতা এবং ভবিষ্যতের জন্য একটি বড় বিনিয়োগ।

আমরা এমন একটি আধুনিক বিনোদন কেন্দ্র তৈরি করছি, যা সব বয়সী ও সব সক্ষমতার মানুষকে আরও সক্রিয় হতে উৎসাহিত করবে। একই সঙ্গে আমরা অত্যন্ত প্রয়োজনীয় নতুন কাউন্সিল আবাসন এবং উন্নত উন্মুক্ত স্থানও তৈরি করছি। এসব বিনিয়োগ সম্মিলিতভাবে টাওয়ার হ্যামলেটসকে আরও স্বাস্থ্যকর, ন্যায়সংগত এবং প্রাণবন্ত একটি বারা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।”

এ সময় নির্বাহী মেয়রের সঙ্গে গিল্ডমোর গ্রুপের চিফ অপারেটিং অফিসার জন ওয়ালশ এবং পরিচালক গ্যারেথ ফিলিপস উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের পরবর্তী ধাপ এবং এটি দীর্ঘমেয়াদে স্থানীয় বাসিন্দাদের কী ধরনের সুবিধা দেবে, সে বিষয়ে আলোচনা করেন।

২০২৬ সালের গ্রীষ্মকালে গিল্ডমোরকে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অপসারণকাজ, প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম এবং কারিগরি নকশা সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়। নতুন লেইজার সেন্টারের মূল নির্মাণকাজ ২০২৭ সালের বসন্তকালে শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০২৯ সালের মধ্যে তা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

নতুন প্রকল্প সম্পর্কে গিল্ডমোরের পরিচালক গ্যারেথ ফিলিপস বলেন, “কাউন্সিলের সঙ্গে মিলে এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে পেরে আমরা আনন্দিত এবং প্রকল্পটির বাস্তবায়ন দেখতে মুখিয়ে আছি। সেন্ট জর্জেস টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য অত্যাধুনিক বিনোদন সুবিধা এবং উন্নতমানের নতুন আবাসন প্রদান করবে। স্থানীয় কমিউনিটির দীর্ঘমেয়াদি উপকারে আসবে এমন একটি স্থান তৈরিতে ভূমিকা রাখতে পেরে আমাদের পুরো দল অত্যন্ত উচ্ছ্বসিত।”

এই পুনর্উন্নয়ন প্রকল্পটি উন্নতমানের সামাজিক অবকাঠামোয় বিনিয়োগ, স্বাস্থ্যকর জীবনযাত্রাকে উৎসাহিত করা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য প্রকৃত অর্থেই সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে কাউন্সিলের বৃহত্তর অঙ্গীকারেরই অংশ।

বাসিন্দারা কাউন্সিলের ‘সেন্ট জর্জেস লেইজার সেন্টার’ পুনর্উন্নয়নবিষয়ক ওয়েবপেজ থেকে প্রকল্পটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

কমিউনিটি এর আরও খবর