img

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রকাশিত :  ১২:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ হাজার ৪৪ শিশুর প্রাণ গেল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ সিলেট বিভাগে তিনজন মারা গেছে। এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২০ জন শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে; যাদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ১৯৪, চট্টগ্রামে ২৮৬, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৬৩, খুলনায় ৯৭ এবং রংপুরে ১৭ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন রোগী। তাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ২৮২ শিশু।


img

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

প্রকাশিত :  ০৫:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসেছে। জ্বালানির এই চালান দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে। এটি মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আসা ডিজেলের ৭২তম চালান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় সরবরাহ শুরু হয়এই চালানের। সেটি শেষ হয় ১৫ সেপ্টেম্বর। পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে, ১৫ বছরে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালু হয়। এটি চালুর পর এ পর্যন্ত এর মাধ্যমে বাংলাদেশে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল এসেছে।

জানা যায়, প্রতি বছর বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে। 

এর আগে, চলতি বছরের মার্চ মাসে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হলে এই পাইপলাইনের মাধ্যমে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছিল। এরপর এপ্রিল, মে ও জুলাইয়েও ভারত থেকে যথাক্রমে ২৫ হাজার, ৮ হাজার ও ৮ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ।

পরে গত আগস্ট মাসে বাংলাদেশ অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই নতুন এই চালান এসেছে।

জাতীয় এর আরও খবর