img

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

প্রকাশিত :  ০৬:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের নিয়ন্ত্রণাধীন এলাকায় ২৬টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেনের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

শুক্রবার হুথিরা দাবি করে, গত এক সপ্তাহেই হুথি নিয়ন্ত্রিত এলাকায় সৌদি হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৩০০টিতে। এসব হামলায় তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার বিভিন্ন অবস্থানে আঘাত হানা হয়েছে বলে জানায় এএফপি।

সৌদি সমর্থিত ইয়েমেন সরকার শুক্রবার জানায়, তাইজ প্রদেশের আল-ওয়াজিইয়াহ জেলায় সংঘর্ষে তাদের বাহিনী ৩০ জন হুথি বিদ্রোহীকে হত্যা করেছে এবং ৬০ জনের বেশিকে আহত করেছে। চলতি সপ্তাহে যেসব ফ্রন্টে লড়াই বেড়েছে, তার মধ্যে এটি অন্যতম।

ইয়েমেন সরকারের সামরিক বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে সংঘাত ব্যাপক আকারে বাড়ার পরই এই সংঘর্ষের ঘটনা ঘটল।

শুক্রবার সানায় হাজার হাজার মানুষ মিছিল করে ইরান সমর্থিত হুথিদের প্রতি সমর্থন জানায় এবং সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান নেয়। এই সময়ে হুথিরা লোহিত সাগর উপকূলের বড় অংশ, যার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালিও রয়েছে, নিজেদের নিয়ন্ত্রণে নিতে অগ্রগতি অব্যাহত রেখেছে।

চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেন সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান হামলায় অন্তত পাঁচজন নিহত হন, যাদের মধ্যে তিনজন শিশু। দুই পক্ষের প্রতিবেদনেই এই তথ্য উঠে এসেছে।

সৌদি আরব জানায়, তায়েফ প্রদেশে একটি হুথি ড্রোন প্রতিহত করার পর সেখানে একজনের মৃত্যু হয়। অন্যদিকে হুথি সংশ্লিষ্ট গণমাধ্যম জানায়, তাইজ ও আবস শহরে সৌদি হামলায় প্রাণহানি ঘটেছে।

এই উত্তেজনা এখন ওয়াশিংটনকেও টেনে এনেছে, যদিও তারা এতে জড়াতে অনেকটাই অনিচ্ছুক। হুথিদের দ্রুত ভূখণ্ড দখলের ঘটনা বাব-এল-মান্দেব দিয়ে চলাচলকারী জাহাজ নিয়ে উদ্বেগ তৈরি করায় গত সপ্তাহান্তে ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন দূতাবাসে হুথি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা। বাব-এল-মান্দেব বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ।

জানা গেছে, হুথিরা ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে যে সৌদি আরবের সঙ্গে সম্পর্কহীন কোনো জাহাজকে তারা লক্ষ্যবস্তু বানাবে না।

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি হুথিদের ওপর হামলা চালানোর আহ্বান জানানো হলেও ওয়াশিংটন এখনো পিছিয়ে আছে। কারণ ইরানের সঙ্গে ইতিমধ্যে ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে থাকা অবস্থায় নতুন কোনো ফ্রন্ট খুলতে তারা সতর্ক।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস শুক্রবার জানান, লোহিত সাগরে জোটের নৌ মিশন অপারেশন অ্যাসপাইডিস তাদের সতর্কতার মাত্রা বাড়িয়েছে, কারণ অঞ্চলটির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কালাস তার এক্স পোস্টে বলেন, ‘সৌদি আরবের ওপর হুথিদের হামলা মেনে নেওয়া যায় না এবং এটি বৈশ্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর।’

তিনি আরও জানান, ইয়েমেনের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে তার কথা হয়েছে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

প্রকাশিত :  ১২:২১, ২২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষমতাসীন সরকার পরিবর্তনের বিষয়টি নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন । তবে তেহরানের সঙ্গে দীর্ঘমেয়াদি একটি সমঝোতায় পৌঁছাতে চান তিনি। তার মতে, এমন চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটানোর পাশাপাশি দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকেও বিরত রাখা সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি কখনোই তেমন গুরুত্ব দিয়ে ভাবেননি।

ট্রাম্প বলেন, ‘ইরানের সরকার নিয়ে আমি কখনোই খুব বেশি ভাবিনি। অনেকে একে সরকার পরিবর্তন বলছেন। আমি এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় গোষ্ঠীকে সরিয়ে দিয়েছি। এখন তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। এটিকে চূড়ান্ত সরকার পরিবর্তনও বলা যেতে পারে।’

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রসঙ্গেই এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে দেশটির সামরিক স্থাপনা এবং শীর্ষ নেতাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন।

ইরানের বর্তমান নেতৃত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প একদিকে তাদের তুলনামূলক যুক্তিসংগত বলে উল্লেখ করেন, অন্যদিকে আলোচনার ক্ষেত্রে তাদের সঙ্গে নানা জটিলতার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান নেতৃত্বের চিন্তাভাবনা আগের চেয়ে আলাদা। সম্ভবত তারা বেশি যুক্তিসংগত। কিন্তু তাদের সঙ্গে আলোচনা করা বেশ কঠিন। একটি বিষয়ে সমঝোতায় পৌঁছানোর পরদিনই তারা সেটি ভঙ্গ করে।

ট্রাম্পের ভাষ্য, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে একটি দীর্ঘস্থায়ী চুক্তি প্রয়োজন। এমন সমঝোতা চান, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তন এলেও কার্যকর থাকবে।

তিনি বলেন, এমন একটি চুক্তি করবেন, যা দীর্ঘদিন টিকে থাকবে। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার সুযোগ দেওয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তিনি তাড়াহুড়ো করছেন না। প্রয়োজনে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সিবিএস নিউজকে এ বিষয়ে অবগত কয়েকটি সূত্র এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরান দ্রুত নিজেদের অস্ত্র উৎপাদন সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে ট্রাম্পের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ বারবার পরিবর্তিত হচ্ছে।

তেহরানের দাবি, এসব অভিযোগের ধরন ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের আগে দেওয়া বক্তব্যগুলোর মতো। সে সময়ও একই ধরনের বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে


 

আন্তর্জাতিক এর আরও খবর