img

চুয়েটে শাটডাউন অব্যাহত, উপাচার্য পুনর্বহালের দাবিতে চলছে গণস্বাক্ষর কর্মসূচি

প্রকাশিত :  ০৭:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে শাটডাউন অব্যাহত, উপাচার্য পুনর্বহালের দাবিতে চলছে গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে শহীদ মিনার প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচিও অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা।

বুধবার সকাল ১১টা ২০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এতে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্রের নম্বর ও স্বাক্ষর দেন। সংগৃহীত গণস্বাক্ষর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর বিনা নোটিশে অধ্যাপক আবু সাদাত সায়েম স্যারকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই আমরা বিক্ষোভ মিছিল করি। পরদিন ২২ সেপ্টেম্বর চুয়েটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করি। আজ আন্দোলনের দ্বিতীয় দিনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি। এই স্বাক্ষর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’

এদিকে বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকেও গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে।

আন্দোলনকারীরা বলছেন, অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এর ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রেখে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

শিক্ষা এর আরও খবর

img

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজ শিক্ষার্থীদের আবারও সড়ক অবরোধ

প্রকাশিত :  ০৬:৫৮, ০৬ নভেম্বর ২০২৬

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। রাতভর বিক্ষোভের পর আজ সকালেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

আজ শুক্রবার সকাল ১০ টা নাগাদ কলেজের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন। পাশাপাশি নারীদের ক্যাম্পাসে পুলিশের প্রবেশ ও লাঠিচার্জের প্রতিবাদ জানান। 

কলেজ শিক্ষার্থী দীপ্তি সমকালকে জানান, এখনও পর্যন্ত তাদের সাথে কলেজ প্রশাসন কোনো ধরণের আলোচনা করেনি। গতকাল যারা আহত হয়েছিলেন তারা এসে আবার আমাদের আন্দোলনে যোগ দিয়েছে। পুলিশ কোনো শিক্ষার্থীকে আটক করতে পারেনি বলেও তিনি জানান। 

দীপ্তি আরও জানান, পূর্বের দাবিগুলো নিয়েই আমরা আন্দোলন করছি তবে পরীক্ষা বন্ধের দাবি জানালেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগ আমরাই করে দিয়েছি।

গতকাল রাত ২ টা ১০ মিনিটে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা এবং রাতের মতো কর্মসূচি শেষ করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে তামান্না ইসলাম জানান, সকাল আটটা থেকে আবার কর্মসূচি পালন করবে। শুক্রবারের অনুষ্ঠিতব্য চাকরীর পরীক্ষার সময় তারা আন্দোলন বন্ধ রাখবেন এবং পরীক্ষা শেষে আবার তা শুরু করবেন।সংবাদ বিশ্লেষণ টুল

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

অধ্যক্ষকে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১২টার পরেও শতাধিক শিক্ষার্থীদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী সমকালকে বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। কিন্তু শিক্ষকরা পুলিশ নিয়ে এসে আমাদের ওপর লাঠিচার্জ করিয়েছে। আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছে। একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছে।

তাদের ৪ দাবির মধ্যে রয়েছে— ক্যাম্পাসে সরকারি কোনো পরীক্ষা হবে না, শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা পুলিশ সদস্যদের শোকজ করা, অধ্যক্ষ পদত্যাগের লিখিত পত্র না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, যেসকল শিক্ষক ও কর্মচারী এই হামলাকে বৈধতা দিয়েছে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা।সরকারি সেবা

বিরোধের সূত্রপাত মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে। পূজার ছুটির আগে কলেজের তিনটি আবাসিক হলের পাঁচ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করেন। রাত ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশনা থাকলেও শিক্ষার্থীদের অনুরোধে সময় বাড়িয়ে রাত ১২টা করা হয়। কিন্তু অনুষ্ঠান শেষ হয় ভোর ৪টা থেকে ৫টার মধ্যে।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান চলায় সমন্বয়কারী দুই শিক্ষার্থীর হলের আসন বাতিলের সিদ্ধান্ত নেন অধ্যক্ষ। পরে ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা দাবি করা হয়। এই দাবিকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেন।

শিক্ষা এর আরও খবর