img

রডের বদলে বাঁশ, সেতু নির্মাণে অনিয়ম: এলজিইডির তিন কর্মকর্তা–কর্মচারী সাময়িক বরখাস্ত

প্রকাশিত :  ০৯:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রডের বদলে বাঁশ, সেতু নির্মাণে অনিয়ম: এলজিইডির তিন কর্মকর্তা–কর্মচারী সাময়িক বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশ ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. হাসমত আলী বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী। তিনি প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার মাইজখাড়া জিপিএস সড়কের ২ হাজার ৩০৫ মিটার চেইনেজে ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতু নির্মাণকাজের তদারকির দায়িত্বে ছিলেন।

অফিস আদেশে বলা হয়েছে, সেতু নির্মাণকাজে স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে জনসাধারণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আদেশে আরও বলা হয়, অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার অসদুদ্দেশ্যে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে হাসমত আলী রডের পরিবর্তে বাঁশ এবং স্পেসিফিকেশন বহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছেন বলে প্রতীয়মান হয়েছে।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধিতে বর্ণিত অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদেশটি জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।

জাতীয় এর আরও খবর

img

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির

প্রকাশিত :  ১৮:০৬, ১৯ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের নিন্দা জানানো ও গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ  বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যাবিষয়ক আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এই রায়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘এর মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।’

আইসিজের রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানানো হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

হুমায়ুন কবির বলেন, এই রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইতিবাচক ফলাফল ও ক্ষতিপূরণের বিষয় উঠে এসেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশও উপকৃত হতে পারে।

তিনি বলেন, ‘এই রায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, যা ভবিষ্যতে এই সংকট সমাধানের পথ নির্ধারণে ভূমিকা রাখবে। বিশেষ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ সংকট নিরসনের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টির ক্ষেত্রেও রায়টি তাৎপর্যপূর্ণ হতে পারে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আইসিজের রায়ের বিস্তারিত বিষয় এবং বাংলাদেশের পরবর্তী অবস্থান নিয়ে আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।