img

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৬:০১, ০৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:০৩, ০৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বিনিয়োগের জন্য নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, সমতা ও স্বচ্ছতার ভিত্তিতে এনগেজমেন্টে আগ্রহী বাংলাদেশ। মিউচুয়াল রেসপেক্টে সম্পর্ক গড়তে চাই আমরা। সরকার ইনভেস্টমেন্ট হাব হিসেবে বাংলাদেশকে গড়তে কাজ করছে।

এ সময় তিনি দেশের আর্থ সামাজিক উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কার্যক্রমের তথ্যও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ডসহ অন্যান্য কার্ডের সমন্বয়ে একটি ইউনিভার্সেল কার্ড প্রত্যেক নাগরিককে দিতে চায়। এছাড়া শিশুদের জন্য আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে চাই। শুধু সার্টিফিকেটের জন্য নয়। এর জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম, মিড ডে মিলসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের তরুণদের যোগ্য করে তুলতে উদ্যোগ নেয়া হয়েছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা, বাকস্বাধীনতাও নিশ্চিত করছে সরকার।

এ সময় প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাদের প্রত্যাবসন জরুরি। সংকট শুরু হয়েছে মিয়ানমারে এর শেষও হতে হবে সেখানে। প্রধানমন্ত্রী এ সময় তিস্তা মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্য এবং বাংলাদেশের অবস্থান নিয়ে কথা হবে।

উল্লেখ্য, সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নি‌য়ে‌ছেন।


অর্থনীতি এর আরও খবর

img

রাতে ঢাকায় পৌঁছাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

প্রকাশিত :  ১৩:৫১, ০২ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে একটি কার্গো বিমান। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাশিয়া থেকে রওনা হওয়া বিমানটি ভারতে যাত্রাবিরতি করে ঢাকায় আসবে বলেও জানা গেছে।

এর আগে ২৪ তারিখে ইউরেনিয়ামের চালান আসার কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিলেও তা বাতিল হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রসাটম)।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গত বুধবার সকালে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

 গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম এক বার্তায় জানায়, ত্রুটি সারিয়ে মঙ্গলবার রাতে শুরু হওয়া পরীক্ষা বুধবার সকালে সফলভাবে শেষ হয়। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ, উভয় জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়। এতে নিয়ন্ত্রণ ভাল্বগুলোর কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভাল্বের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় ভাল্বের খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পুরো পরীক্ষা পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।