img

সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৮:৩৩, ০৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৫৩, ০৫ অক্টোবর ২০২৬

সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সব নাগরিকের জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘উন্নত বিশ্বের জন্য সবার নিরাপদ বাসস্থান নিশ্চিত করা যতটা সহজ, বাংলাদেশের মতো দেশের জন্য তা ততটা সহজ নয়।

তবে সর্বজনীন বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি টেকসই নগরায়ণেও সরকার গুরুত্ব দিচ্ছে।’

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শহরগুলোতে সব মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। সর্বজনীন বাসস্থান এবং টেকসই নগরায়ণ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।

’তিনি বলেন, ‘শহরাঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে সম্ভাব্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের সঙ্গে দেশের যোগাযোগব্যবস্থা আরো দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষের নাগরিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শহরমুখী মানুষের চাপ কমানোর একটি কার্যকর বিকল্প তৈরি করা সম্ভব বলে মনে করে সরকার।’

শহরের বাইরে দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের ধারায় আনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এ লক্ষ্যে রাজধানী ঢাকার আশপাশে একটি সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার সকালে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। সভা শুরুর আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জাতীয় এর আরও খবর

img

বিমানে বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ

প্রকাশিত :  ১৯:২২, ০৫ অক্টোবর ২০২৬

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর অংশ হিসেবে এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনক্রমে জারি করা আদেশে প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বাড়াতে ১০ জন জ্যেষ্ঠ ও উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাকে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, শাহনুর আহমেদ (পি-৩৬৩৪৮) এতদিন এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশে তাকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এ দায়িত্ব পালনের জন্য তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়েছে।

অন্যদিকে এতদিন মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) এবং অতিরিক্ত দায়িত্বে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেদ (পি-৩৬৫২১)কে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে জানতে চাইলে শাহনুর আহমেদ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ ও গ্রাহকসেবা আরও কার্যকর ও গতিশীল করতে কাজ করতে চাই। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা আমাদের কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং যেসব জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে, সেগুলোও সামনে আনেন। আমি দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও সহযোগিতাকে গুরুত্ব দেব। আশা করি, আপনাদের সহযোগিতা নিয়ে নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।’

আদেশে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজাকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্সোনেল বিভাগের উপ-মহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদকে উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে মূল দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

পোল্ট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জহুরুল আলমকে উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ) এবং আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বোয়িং-৭৮৭ উড়োজাহাজের ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে মূল ক্যাপ্টেনের দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা), করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তর পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া উপ-মহাব্যবস্থাপক (হিসাব) এম. এম. আরিফুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরে উপ-মহাব্যবস্থাপক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএফসিসির উপ-মহাব্যবস্থাপক এ জেড এম আরিফকে উপ-মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।

বিমান সূত্র জানিয়েছে, বিভিন্ন বিভাগের কার্যক্রমে গতি আনা, সেবার মান উন্নত করা এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করার লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হয়েছে।


জাতীয় এর আরও খবর