img

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্যের ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১১:২১, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:২৬, ১৯ অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্যের ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময়ে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি জানান, ঘটনার বিস্তারিত জানতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ভালো ও গভীর সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের সঙ্গে দেশটির সম্পর্ক ঐতিহাসিক। এ সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশই জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী। এ ধরনের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য বিনিময় ও যোগাযোগ থাকার কথা। কিন্তু এ ক্ষেত্রে তথ্যের ঘাটতি কেন হয়েছে, তা খতিয়ে দেখতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

তিনি বলেন, এখানে একটা তথ্যের ঘাটতি ছিল, প্রক্রিয়ায় কোনো এক জায়গায় একটা ত্রুটি আছে। এটা খতিয়ে দেখার জন্য দুই পক্ষের মধ্যে কথাবার্তা বলছি। 

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এটা যদি হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এটা অত্যন্ত হতাশাজনক এবং দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না। 

মৃত্যুদণ্ড কার্যকরের পর ব্লাড মানি বা ক্ষতিপূরণের বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাওয়ায় এখন সে সুযোগ আর নেই। তথ্যের ঘাটতি কোথায় হয়েছে, এখন তা খতিয়ে দেখা হবে।

দুই বাংলাদেশির পরিচয় এবং তারা স্বামী-স্ত্রী ছিলেন কিনা, সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংবাদপত্রের প্রতিবেদনে তাদের বাংলাদেশি বলে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, কোনো দেশের নাগরিক অন্য দেশে অপরাধের অভিযোগে আটক হলে সংশ্লিষ্ট দেশকে তা জানানোর প্রত্যাশা থাকে। এতে আটক ব্যক্তির দেশের পক্ষে কনস্যুলার সেবা দেওয়া এবং বিষয়টি পর্যবেক্ষণ করা সম্ভব হয়। সৌদি আরবের ক্ষেত্রেও বাংলাদেশের একই প্রত্যাশা ছিল।

হুমায়ুন কবির বলেন, অপরাধ সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া চলতে পারে। তবে এ ঘটনায় তথ্য বিনিময়, যোগাযোগ ও প্রক্রিয়াগত ঘাটতি কোথায় হয়েছে, তা পরিষ্কার করা প্রয়োজন। এ জন্য সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে।

এর আগে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব মো. নজরুল ইসলাম ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর এইচ. বিন আবিয়াহর সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়। রাষ্ট্রদূতের কাছে সৌদি সরকারকে পাঠানো আগের কূটনৈতিক পত্রের একটি অনুলিপিও হস্তান্তর করা হয়।

জাতীয় এর আরও খবর

img

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি, ৫০-৬০ যানবাহনে লুটপাট

প্রকাশিত :  ১৮:০৯, ১৯ অক্টোবর ২০২৬

কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে চলন্ত অটোরিকশার যাত্রীদের সর্বস্ব লুট করে ডাকাত দল। পরে দুপুরে একই স্থানে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ একাধিক পথচারীর ওপর হামলা চালিয়ে ডাকাতি করা হয়।

ডাকাতদের কবলে পড়ে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন। প্রকাশ্যে এমন ডাকাতির ঘটনায় সড়কটিতে চলাচলকারী সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ তারেক সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার পথে হিমছড়ি ঢালা এলাকায় প্রথম ডাকাতির ঘটনাটি ঘটে। সেখানে ওঁৎ পেতে থাকা ডাকাত দল গাড়িটির গতি রোধ করে তারেককে জিম্মি করে তার মুঠোফোন ও নগদ টাকাসহ সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। একপর্যায়ে নিজের জীবন বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকেই লাফ দিয়ে কোনোমতে পালিয়ে আত্মরক্ষা করেন তিনি।

প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতেই একই দিন দুপুর আড়াইটার দিকে ঠিক একই স্থানে দ্বিতীয় দফায় হানা দেয় সশস্ত্র ডাকাতরা। এ সময় ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা ‘মুক্তি’-র ঈদগড় শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হাকিমসহ কয়েকজন পথচারীর পথ আটকে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে মুঠোফোন, নগদ অর্থসহ সর্বস্ব লুটে নিয়ে দ্রুত পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায় চক্রটি।

ডাকাতদের মারধরে আহত দুই মোটরসাইকেল আরোহীডাকাতদের মারধরে আহত দুই মোটরসাইকেল আরোহী

ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, স্থানীয় কিছু দুষ্কৃতকারী ও বনদস্যু চক্র এই অপকর্ম ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশ ইতিমধ্যে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর শুষ্ক ও শীত মৌসুমে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে ডাকাতদের উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এ সময়ে পাহাড়ি কলাসহ বিভিন্ন কৃষিপণ্য কেনাবেচা এবং চকরিয়া ও কক্সবাজার থেকে পাইকারি পণ্য আনার সুবাদে সড়কে ব্যবসায়ীদের নগদ অর্থ নিয়ে যাতায়াত বাড়ে, আর সেই সুযোগটিই নেয় অপরাধীরা। তবে এবার শীত পুরোদমে শুরু হওয়ার আগেই প্রকাশ্য দিবালোকে এভাবে লুটপাট শুরু হওয়ায় পাহাড়বেষ্টিত এ অঞ্চলের মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উৎকণ্ঠা দেখা দিয়েছে। সড়কে যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে নিয়মিত পুলিশি টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জাতীয় এর আরও খবর