img

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে

প্রকাশিত :  ০৫:৪৪, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী ফারজানা সুলতানা বলেন, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল এত দূরে হলেও এর মাত্রা অপেক্ষাকৃত বেশি হওয়ায় রংপুর ও ঢাকার মতো এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে মন্তব্য করেন ফারজানা সুলতানা। তিনি বলেন, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প হয়নি।

আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে। তবে নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

নেপালের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভূমিকম্পটি নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি

img

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

প্রকাশিত :  ১২:৩৯, ২৪ নভেম্বর ২০২৬

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিকপক্ষ। মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভা শেষে এ তথ্য জানানো হয়। দুপুর ২টায় সভা শেষে ব্রিফিংয়ে বিষয়টি জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় আলোচ্যসূচিতে ছিল দুটি বিষয়। এর মধ্যে রয়েছে, গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

মালিকপক্ষের তৃতীয় লিখিত প্রস্তাবে গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে।

অন্যদিকে শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৩৫ হাজার টাকা, গ্রেড-২-এ ৩০ হাজার টাকা, গ্রেড-৩-এ ২৭ হাজার টাকা এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

তবে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।

মঙ্গলবারের সভাতেও দুই পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় মজুরি নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সুপারিশ আসেনি।

বাংলাদেশ এর আরও খবর