আইসিজের রায় দ্রুত বাস্তবায়ন করতে মিয়ানমারকে ঢাকার আহ্বান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই সংকট সমাধানের একমাত্র কার্যকর পথ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই এ সংকটের স্থায়ী সমাধান।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রায় কার্যকরের মধ্য দিয়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গার ভার বহন থেকে বাংলাদেশের মুক্তির পথ খুলতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর বিষয়ে আইসিজের দেওয়া রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানাই। একইসঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই।
এই রায় মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত হয়ে প্রায় এক দশক আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে এইমনটাই প্রত্যাশা করছেন তারা। গাম্বিয়ার মামলা দায়েরের সাত বছর পর বৃহস্পতিবার আইসিজে রায় দিয়েছেন– রোহিঙ্গা জেনোসাইড প্রমাণিত এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে দোষী সাব্যস্ত হয়েছে মিয়ানমার। চূড়ান্ত এই রায়ে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নাৎসি হলোকাস্টের পর এ নিয়ে চতুর্থবারের মতো কোনো আন্তর্জাতিক আদালতে জেনোসাইডের আইনি মানদণ্ড প্রমাণিত হলো। তবে কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইডের জন্য দায়ী করার ঘটনা বিশ্ব আদালতের ইতিহাসে এটিই প্রথম।
আদালত স্পষ্ট জানিয়েছেন– এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। আইনিভাবে এই রায় মেনে চলতে মিয়ানমার বাধ্য। রায়ে মিয়ানমারকে দুটি প্রধান নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্র হওয়ার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এই ক্ষতিপূরণের পরিমাণ ও ধরন আদালতের পরবর্তী তারিখে নির্ধারণ করা হবে।
তবে আইসিজের নিজস্ব কোনো বলপ্রয়োগের ক্ষমতা নেই। তাই আদালত নিজে থেকে এই রায় কার্যকর করতে পারেন না। মিয়ানমার যদি এই রায় অমান্য করে, তবে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানানোর পথ খোলা থাকে। নিরাপত্তা পরিষদ তখন মিয়ানমারের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ অন্যান্য পদক্ষেপ নিতে পারে।
রায়ে ১৫ সদস্যের বিচারক প্যানেলের সভাপতিত্ব করেন আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। লোকারণ্য ‘গ্রেট হল অব জাস্টিস’-এ তিন ঘণ্টাব্যাপী রায়ের মূল অংশ পাঠ করেন তিনি। রায়ে বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘আদালত এই মর্মে পুরোপুরি নিশ্চিত– মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই দেশটি ১৯৪৮ সালের জেনোসাইড অপরাধ প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদ লঙ্ঘনকারী কর্মকাণ্ড চালিয়েছে। উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইডের জন্য মিয়ানমার সরাসরি দায়ী।’
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোয় প্রায় ১২ লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে, রাখাইনে বর্তমানে ছয় লাখের কম রোহিঙ্গা টিকে আছে বলে ধারণা করা হয়।
২০১৭ সালে রাখাইনের তুলাতলি গ্রামে চালানো গণহত্যার ভয়াবহ চিত্র স্যাটেলাইট ছবি ও মানবাধিকার তদন্তকারীদের প্রতিবেদনে উঠে এসেছিল। সেখানে বেসামরিক মানুষকে সারিবদ্ধভাবে গুলি করে হত্যা, গণকবর দেওয়া এবং শিশুদের নদীতে ডুবিয়ে মারার ঘটনা ঘটে। ২০১৯ সালে রোহিঙ্গাদের পক্ষে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজেতে মামলাটি করে আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া।
তবে মিয়ানমার বরাবরই জেনোসাইডের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর গেরিলা হামলার জবাবে তারা সন্ত্রাসবিরোধী বৈধ অভিযান চালিয়েছিল। ২০১৬-১৭ সালের অভিযানের সময় মিয়ানমারের সেনাপ্রধান ছিলেন মিন অং হ্লাইং। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ঝুলে আছে। প্রসঙ্গত, আইসিসি ব্যক্তি পর্যায়ে বিচার করে আর আইসিজে রাষ্ট্রের দায় নির্ধারণ করে। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। তাঁর শাসনে শুরু হওয়া গৃহযুদ্ধে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গত এপ্রিলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর তিনি বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।



















