img

স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত :  ১৪:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।

জ্বালানি মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় দেশে জ্বালানি সংগ্রহে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল।

মন্ত্রী জানান, জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব না হওয়া এবং একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটে (এফএসআরইউ) আগুন লাগার ঘটনা সরবরাহে বিলম্বের অন্যতম কারণ। পরিস্থিতি মোকাবিলায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে।

তিনি বলেন, এসব জটিলতা কাটিয়ে বর্তমানে জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক হয়েছে এবং জ্বালানি দেশে আসছে। সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে। ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে জ্বালানি সংকট তৈরি করেনি। জনগণের ভোগান্তি কমাতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করা হয়েছে, এমনকি বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছিল। তবে জ্বালানি সরবরাহের ঘাটতি ও দুর্ঘটনার কারণে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লেগেছে। প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে উদ্যোগ নেওয়ায় দ্রুত সমাধান সম্ভব হয়েছে এবং সংশ্লিষ্টরা দলগতভাবে কাজ করেছেন।

জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান মন্ত্রী।


বাংলাদেশ এর আরও খবর

img

পাবনায় তিন দিন ধরে আ.লীগ-বিএনপি নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত :  ১১:৫৯, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৩৫, ২১ নভেম্বর ২০২৬

টানা তিন দিন ধরে পাবনার বেড়া পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সংঘর্ষের কারণে জেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র বেড়া বাজারে ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা দেখা দিয়েছে। আজ শনিবার সাপ্তাহিক হাটের দিন হলেও আতঙ্কে অধিকাংশ দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

আজ সকাল থেকে পৌর এলাকার বৃশালিখা মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের প্রবেশমুখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরা নৌকা চত্বর এলাকায় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন। দুপুর একটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল তিনটা পর্যন্ত সংঘর্ষ চলছিল। এ সময় পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া ও পায়না মহল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একই দিন বৃশালিখা মহল্লায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীরা বাধা দেন। এ নিয়েও সংঘর্ষ হয়।

দুই এলাকার সংঘর্ষে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়া হয়। রাতভর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল শুক্রবার বৃশালিখা মহল্লায় বড় ধরনের সংঘর্ষ না হলেও সাঁথিয়া ও পায়না মহল্লার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপির নেতা-কর্মীদের দিনভর উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। রাতেও উত্তেজনা অব্যাহত ছিল। স্থানীয়ভাবে সাঁথিয়া ও পায়না আওয়ামী লীগ-অধ্যুষিত এবং হাতিগাড়া বিএনপি-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। বৃশালিখা মহল্লায়ও আওয়ামী লীগের সমর্থকদের বসবাস বেশি।

বেড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাজেদুল ইসলাম দীপু বলেন, ‘বিনা উসকানিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় অশান্তি সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে।’

এদিকে সংঘর্ষের কারণে বেড়া বাজারের ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। লুটপাটের আশঙ্কায় অধিকাংশ দোকানপাট বন্ধ রাখছেন তারা। অনেক ব্যবসায়ী রাত জেগে দোকানপাট পাহারা দিচ্ছেন। বেড়া বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, সংঘর্ষের কারণে গত তিন দিন ধরে বাজারের বেচাকেনা প্রায় বন্ধ। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

তিন দিনের এসব ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির নেতা-কর্মী ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, উত্তেজনার সময় প্রয়োজনীয় পুলিশি টহল ও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তবে আজকের সংঘর্ষের সময় বৃশালিখা মহল্লায় পুলিশ ও র‍্যাব সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

এর আগে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে বেড়া উপজেলা পরিষদে বৈঠকে বসেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলাম। হঠাৎ করে আজ শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আবার পরিস্থিতি খারাপ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আশা করছি, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।’