img

সুনামগঞ্জে ২০ বাড়িতে মামুনুল হকের অনুসারীদের হামলা

প্রকাশিত :  ০৭:০৮, ১৭ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট: ০৭:৩৬, ১৭ মার্চ ২০২১

সুনামগঞ্জে ২০ বাড়িতে মামুনুল হকের অনুসারীদের হামলা

জনমত ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে অশালীন মন্তব্য করায় সুনামগঞ্জের শাল্লায় গ্রেফতার ঝুমন দাসের গ্রামে তার (মামুনুল) অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে অশালীন মন্তব্য করায় সুনামগঞ্জের শাল্লায় গ্রেফতার ঝুমন দাসের গ্রামে তার (মামুনুল) অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নোয়াগ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তারা গ্রামের অন্তত ২০ ঘরবাড়ি ভাঙচুর চালায়। তছনছ করা হয় ওইসব পরিবারের আসবাব। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মামুনুল হকের অনুসারীরা লঠিসোটা হাতে মিছিল নিয়ে ওই গ্রামে হামলা চালায়।  হামলার আগেই বাড়ি ছেড়ে হাওরে আশ্রয় নেন নোয়াগ্রামের বাসিন্দারা। সে কারণে হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শাল্লায় যাদের বাড়িতে হামলা হয়েছে- শৈলেন্দ্র দাস, অনিল দাস, দিগেন দাস, হরিপদ দাস, রবিন্দ্র দাস , রন্টু দাস, অসীম চক্রবর্তী, দেবেন্দ্র কুমার দাস, নগেন্দ্র কুমার দাস, মানকি দাস সহ অন্তত ২০ বাড়িতে হামলা হয়।  

ভুক্তভোগী শৈলেন্দ্র দাস জানান, যে ছেলেটি ফেসবুকে লিখেছে তাকে তারা গতকাল ধরে পুলিশে দিয়েছেন। তাদেরকে আশ্বস্ত করা হয়েছিলো আর কিছু হবে না। কিন্তু সকালেই লাঠিসোঠা নিয়ে কয়েকশ’ মানুষ পুলিশ ও উপজেলা চেয়ারম্যানের সামনেই হামলা চালায়। গ্রামের নারীসহ পুরুষরা শিশুদের নিয়ে হাওরের দিকে ছুটতে থাকে। পরে বাড়ি ফিরে এসে দেখে ঘরের আসবাব ভাংচুর করে লুটপাট চালানো হয়েছে।  এ সময় তিনি অভিযোগ করেন তার ঘরে থাকা স্বর্ণ ও টাকাও লুটে নিয়ে যায় হামলাকারীরা।

শাল্লা থানার ওসি নাজমুল ইসলাম  জানান, যে ছেলেটি ফেসবুকে আল্লামা মামুনুল হককে নিয়ে কটূক্তি করেছিল, তাকে ধরে গতরাতেই গ্রামের লোকজন পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সকালে হঠাৎ শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে নোয়াগ্রামের দিকে মিছিল নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে পুলিশও তাদের পিছু নেয়। কিন্তু কিছু লোক আগেই নদী পার হয়ে নোয়াগ্রামে হামলা চালায়।  এ সময় ঝুমন দাসের বাড়িসহ প্রায় ২০ বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান ওসি। 

এর আগে সোমবার শাল্লার পার্শ্ববর্তী উপজেলা দিরাইয়ে হেফাজতের একটি সমাবেশে বক্তব্য দেন হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।

সিলেটের খবর এর আরও খবর

img

মাধবপুরে কৃত্রিম ভূকম্পন, এলাকায় আতঙ্ক

প্রকাশিত :  ০৯:১০, ১৭ নভেম্বর ২০২৬

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় গ্যাস অনুসন্ধানে সিসমিক জরিপের অংশ হিসেবে ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। তবে এ কার্যক্রমের কারণে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়িঘরে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠায় অনেকে ভূমিকম্প মনে করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দেশের গ্যাসসম্পদ অনুসন্ধানের কাজে তাদের কোনো আপত্তি নেই। বরং এ কাজে তারা সহযোগিতা করতে চান। তবে এমন কার্যক্রম শুরুর আগে এলাকাবাসীকে যথাযথভাবে জানানো প্রয়োজন ছিল। কী ধরনের জরিপ হচ্ছে, কেন বাড়িঘর কাঁপছে এবং এতে কোনো ঝুঁকি আছে কি না এসব বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, তেলিয়াপাড়া, সুরমা চা বাগান ও তেলিয়াপাড়া চা বাগানসহ আশপাশের এলাকায় স্থানভেদে প্রতিদিন ১০ থেকে ১৫ বার কম্পন অনুভূত হচ্ছে। এতে বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা বেশি আতঙ্কিত হচ্ছেন। হঠাৎ কম্পন শুরু হলে অনেকেই ঘর ছেড়ে বাইরে ছুটে আসছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় সম্পদ গ্যাস অনুসন্ধানে তাঁদের কোনো আপত্তি নেই। তবে এ ধরনের কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্ট এলাকার মানুষকে যথাযথভাবে অবহিত করা, জরিপের ধরন ও সম্ভাব্য কম্পন সম্পর্কে বিস্তারিত জানানো এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানো প্রয়োজন। আগাম তথ্য না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে জনসাধারণের উদ্বেগ দূর করতে বাপেক্সসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ দাবি করেছেন তাঁরা।

তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা অসীম রায় বলেন, “গ্যাস আমাদের জাতীয় সম্পদ। গ্যাস অনুসন্ধানের কাজে এলাকাবাসীর কোনো আপত্তি নেই। বরং এ কাজে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু সিসমিক জরিপের অংশ হিসেবে ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করায় বাড়িঘর কেঁপে ওঠে। এতে মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। এ কার্যক্রম শুরুর আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকাবাসীকে অবহিত করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তাই বাপেক্স কর্তৃপক্ষের উচিত, এ কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত প্রচার-প্রচারণা চালানো এবং সাধারণ মানুষকে সচেতন করা।”

সুরমা চা বাগানের ৮ নম্বর এলাকার বাসিন্দা আজাদ মিয়া বলেন, স্থানভেদে প্রতিদিন ১০ থেকে ১৫ বার সিসমিক জরিপের কারণে বাড়িঘর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। হঠাৎ এমন কম্পন অনুভূত হলে ভূমিকম্প হচ্ছে ভেবে আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। তাঁর অভিযোগ, এ ধরনের কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল এলাকাবাসীকে বিষয়টি জানানো।

এ বিষয়ে বাপেক্সের ২-ডি সিসমিক জরিপের সমন্বয়ক মোস্তফা কামাল বলেন, হ্যান্ডবিল বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। সিসমিক জরিপের অংশ হিসেবে কৃত্রিম কম্পন সৃষ্টি করা হলেও ৮০ মিটার দূরত্বে থাকা বাড়িঘরের কোনো ক্ষতি হয় না বলে জানান তিনি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাপেক্সের জনসংযোগ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, সিসমিক জরিপ সম্পর্কে হ্যান্ডবিল বিতরণ ও মাইকিং করা হয়েছে। তবে সাধারণ মানুষকে প্রত্যাশিত মাত্রায় সচেতন করা সম্ভব হয়নি। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি এক-দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান বলেন, এ বিষয়ে কয়েক দিন আগে তিনি বাপেক্সের সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) সঙ্গে কথা বলেছেন। ওই এলাকার একজন বাসিন্দা কৃত্রিম কম্পন সৃষ্টি নিয়ে তাঁর কাছে অভিযোগ করেছিলেন। এ ধরনের কার্যক্রম শুরুর অন্তত এক দিন আগে স্থানীয় বাসিন্দাদের মাইকিং কিংবা মসজিদের মাইকের মাধ্যমে জানানো প্রয়োজন, যাতে তাঁরা আগে থেকেই বিষয়টি সম্পর্কে অবগত থাকতে পারেন। এ বিষয়ে বাপেক্স কর্তৃপক্ষের সঙ্গে আবারও কথা বলবেন বলে জানান তিনি।

সিলেটের খবর এর আরও খবর