সুনামগঞ্জে একসঙ্গে আনসার বাহিনীতে চাকরি পেলেন চার বন্ধু
একই কলেজে পড়াশোনার সুবাদে পরিচয়, এরপর বন্ধুত্ব। একসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে চাকরির সন্ধান করছিলেন চার বন্ধু। একই সঙ্গে চাকরির আবেদনও করেছিলেন তাঁরা। লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষার সব ধাপ সফলভাবে পেরিয়ে অবশেষে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার সুখবর পেয়েছেন চারজনই।
তারা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের আর্শাদ মিয়ার ছেলে আকাশ মিয়া ও একই গ্রামের মিল্লাদ মিয়ার ছেলে জয় মিয়া। অন্য দুজন হলেন সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের রমজান আলীর ছেলে মিনহাজ আলী এবং একই ইউনিয়নের বীর উত্তর গ্রামের নূরুল হকের ছেলে হিরু মিয়া।
দীর্ঘদিন একসঙ্গে লেখাপড়া, চলাফেরা ও স্বপ্ন দেখার পর এবার বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি পেয়েছেন চার বন্ধু। তাদের এ সাফল্যে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বাংলাদেশ আনসার বাহিনীতে যোগদানের জন্য গত ২৭ অক্টোবর কুমিল্লার শহীদ ধীরেন্দ্র দত্ত স্টেডিয়ামে চার বন্ধু বিভিন্ন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফলাফল পরবর্তী সময়ে জানানো হবে বলে তাদের জানানো হয়েছিল। অবশেষে বুধবার (১১ নভেম্বর) রাতে চার বন্ধু চূড়ান্তভাবে মনোনীত হওয়ার বার্তা পান। আগামী ১৪ নভেম্বর গাজীপুরে প্রশিক্ষণে যোগ দেবেন তারা।
জানা যায়, চার বন্ধু ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে আকাশ মিয়া ও মিনহাজ আলী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অন্য দুজন একটি করে বিষয়ে অকৃতকার্য হয়েছেন। দুই বন্ধু স্নাতক পর্যায়ে ভর্তি না হয়ে এবং অন্য দুই বন্ধু অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরীক্ষা না দিয়েই একসঙ্গে আনসার বাহিনীতে যোগ দিতে যাচ্ছেন।
রায়পুর গ্রামের আকাশ মিয়া বলেন, আমরা কৃষিজীবী পরিবারের সন্তান। চার বন্ধু একসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের সচ্ছলতার জন্য কিছু করার স্বপ্ন দেখতাম। আনসার পদে যোগদানের জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। গত বুধবার রাতে আমাদের চারজনেরই যোগদানের বার্তা এসেছে। আগামী ১৪ তারিখ আমরা প্রশিক্ষণে যাব। আমরা সবার দোয়া প্রার্থী।
বীর উত্তর গ্রামের হিরু মিয়া বলেন, আমি পরিবারের সবার ছোট। আমার পরিবারের সবাই কৃষিকাজের সঙ্গে জড়িত। লেখাপড়ার শুরু থেকেই স্বপ্ন ছিল একটি চাকরি করে পরিবারের পাশে দাঁড়াব। আনসারে যোগদানের জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি। তিন বন্ধুর সঙ্গে আগামী ১৪ তারিখ গাজীপুরে প্রশিক্ষণে যোগ দেব। পরে সুযোগ থাকলে লেখাপড়া করব। চার বন্ধু একসঙ্গে আনসার বাহিনীতে যোগ দিতে পারায় আমরা সবাই খুশি।
সলপ গ্রামের মিনহাজ আলীর বাবা রমজান আলী বলেন, আমরা দুই ভাই। আমি বড়। আমার চার সন্তান এবং ছোট ভাইয়ের দুই সন্তান। আমাদের পরিবারের বড় সন্তান মিনহাজ। সেই পরিবারের প্রথম চাকরি পেয়েছে। ছোট্ট একটি দোকান চালিয়ে আমার সংসার চলে। মিনহাজের চাকরি হওয়ায় এখন অন্য সন্তানদেরও ভালোভাবে লেখাপড়া করাতে পারব। মিনহাজের সঙ্গে তার আরও তিন বন্ধুর চাকরি হয়েছে।
বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তপন কান্তি তালুকদার বলেন, বাংলাদেশে চাকরির বাজার বেশ কঠিন। একটি পদের বিপরীতে অনেক প্রার্থীকে প্রতিযোগিতায় অংশ নিতে হয়। এমন পরিস্থিতিতে আমাদের চারজন শিক্ষার্থী একসঙ্গে চাকরি পেয়েছে। এ জন্য তাদের অভিনন্দন জানাই। কর্মজীবনে তারা সফলতার সঙ্গে এগিয়ে যাক, সেই আশীর্বাদ করি।



















