কুলাউড়ায় বিজিবির টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা, সতর্কতামূলক গুলি
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় অবৈধ সিগারেট জব্দের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দলের ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ চোরাকারবারিরা। এ সময় আত্মরক্ষা ও সরকারি সম্পদের নিরাপত্তায় এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। পরে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘সাইমের ঘাট’ এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি জানায়, অভিযান চলাকালে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল অতর্কিতভাবে টহল দলের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সদস্যদের জীবন ও সরকারি মালপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা অভিযান ও তল্লাশি অব্যাহত রেখে জব্দ করা সিগারেটগুলো নিরাপদে উদ্ধার করেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান গণমাধ্যম কর্মীদের বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।



















