অনিয়মের সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক ‘খোলা কাগজ’-এর জেলা স্টাফ রিপোর্টার মো. এহসানুল হক ওরফে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। গত ২৫ অক্টোবর সিলেট সাইবার সিকিউরিটি আদালতে মামলাটি করেন হাসপাতালের সদ্য বদলিকৃত সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। মামলার নম্বর ২১২/২৬।
সাংবাদিক এহসানের দাবি, হাসপাতালের অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ এবং তথ্য অধিকার আইনে ১১টি বিষয়ে তথ্য চাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে চাঁদা দাবি ও ব্ল্যাকমেইলিংয়ের মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে দৈনিক ‘জনবাণী’র মৌলভীবাজার প্রতিনিধি মঞ্জু বিজয় চৌধুরীকে। এহসান তৃতীয় আসামি। অন্য আসামিরা হলেন মোজাহিদুল ইসলাম, ‘জেন জেড শ্রীমঙ্গল’ এবং প্রবাসী আমির আলী। এজাহারে তাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটানো ও পোস্ট মুছে দেওয়ার বিনিময়ে অর্থ দাবির অভিযোগ আনা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মঞ্জু বিজয় চৌধুরী ও মোজাহিদুল ইসলাম দাবি করেছেন, হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির তদন্ত চাওয়ায় হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে।
এদিকে মামলাটির নিন্দা জানিয়ে স্থানীয় সাংবাদিকেরা নিরপেক্ষ তদন্ত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।



















