img

নিখোঁজের সাড়ে তিন বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল

প্রকাশিত :  ১৩:৫০, ০১ নভেম্বর ২০২৬

 নিখোঁজের সাড়ে তিন বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল

হবিগঞ্জের মাধবপুরে মহব্বত আলীর (৩৯) কঙ্কাল নিখোঁজের সাড়ে তিন বছর পর  উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

আটক ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহ আলম (৪২), তার স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বত আলী রামনগর গ্রামের রুসমত আলীর ছেলে। পেশায় কৃষক হলেও স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন তিনি। এ কারণে এলাকায় সোর্স হিসেবে পরিচিত ছিলেন মহব্বত আলী।

২০২৩ সালের ৩০ জুলাই নিখোঁজ হন তিনি। এরপর স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। এ ঘটনায় তার বাবা রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

সিলেটের খবর এর আরও খবর

img

শাল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত :  ১৪:০২, ০১ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ জেলার শাল্লায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মন্নান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার নিজগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল মন্নান উপজেলার আটগাঁও গ্রামের বাসিন্দা। তিনি আজব আলীর পক্ষের লোক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটগাঁও ইউনিয়নের নিজগাও গ্রামের রূপ মিয়া ও আজব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম সংলগ্ন একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আজব আলীর পক্ষের আব্দুল মন্নান গুরুতর আহত হয়ে নিহত হন। দুপক্ষের ১০-১২ জন আহত হয়েছে।

এবিষয়ে ১ম পক্ষের রুপ মিয়ার স্ত্রী রুনা আক্তার বলেন, জমি নিয়ে মারামারি হয়েছে। এরচেয়ে বেশি কিচ্ছু জানি না। আজব আলীর ব্যবহ্ত নাম্বারে ফোন করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। তবে স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্র সরকার জানান, গত এক সপ্তাহ যাবত তাদের দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। শেষ পর্যন্ত আজকে সংঘর্ষে জড়িয়ে একজন মারা গেছেন।

আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সিলেটের খবর এর আরও খবর