img

রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হবিগঞ্জের যুবক, স্বর্ণালংকার নিয়ে উধাও কনেপক্ষ

প্রকাশিত :  ১২:২১, ১৩ নভেম্বর ২০২৬

 রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হবিগঞ্জের যুবক, স্বর্ণালংকার নিয়ে উধাও কনেপক্ষ

হবিগঞ্জ জেলা থেকে রংপুরে বিয়ে করতে গিয়ে অভিনব প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। বিয়ের ঠিক আগ মুহুর্তে ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ৬০ হাজার টাকার কাপড় ও নগদ ১০ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন কনে ও তার স্বজনরা।

গত বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। শুক্রবার বিষযটি জানাজানি হয়। ভুক্তভোগী যুবক হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় রংপুর সদর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পুলিশ বলছে, অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

বরপক্ষের স্বজনদের সূত্রে জানা যায়, ওই যুবকের সঙ্গে বিয়ের প্রস্তাব আসে তার বোনের মাধ্যমে। বরের বোনের সঙ্গে কনের বড় বোনের পুর্ব থেকেই পরিচয় ছিল। সেই সূত্র ধরে দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা শুরু হয়। পরে বিয়ের দিনক্ষণ নির্ধারণসহ আনুষঙ্গিক সব আয়োজন চূড়ান্ত করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, গত ১০ নভেম্বর রাতে ৪৫ জন বরযাত্রী নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন বর। পরদিন রংপুর শহরে পৌঁছালে কনেপক্ষের লোকজন তাদের স্বাগত জানিয়ে স্থানীয় ‘আগামীর চাষি’ কমিউনিটি সেন্টারে নিয়ে যান। বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে বরপক্ষের নিয়ে আসা স্বর্ণালংকার স্থানীয় একটি দোকানে যাচাইও করা হয়।

এরপর কনেকে সাজানোর কথা বলে একটি পার্লারে নিয়ে যাওয়া হয়। সেখানে বরপক্ষের দেওয়া স্বর্ণালংকার পরেন কনে। একপর্যায়ে কৌশলে বরপক্ষের তিনজনকে অন্য স্থানে নিয়ে যায় কনেপক্ষের কয়েকজন। পরে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তাদের রেখে আসা হয়। এ সুযোগে স্বর্ণালংকারসহ কনেপক্ষের লোকজন উধাও হয়ে যায় বলে অভিযোগ করেছেন বরপক্ষের সদস্যরা।

এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ভুক্তভোগী বর রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বরের নিকটাত্মীয় আশিক উদ্দিন বলেন, আমরা বুঝতে পারিনি কনেপক্ষ এমন প্রতারণা করবে। বিষয়টি খুবই দুঃখজনক, সরলতার সুযোগে তারা ছেলেটির সাথে প্রতারণা করেছে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, বিয়ের আয়োজনকে কেন্দ্র করে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা প্রতারক চক্র। দ্রুত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সিলেটের খবর এর আরও খবর

img

সাংবাদিক ঝলক দত্তের স্ত্রী সেবা দত্ত আর নেই, শ্রীমঙ্গলে শোকের ছায়া

প্রকাশিত :  ১২:৪২, ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২০, ১২ নভেম্বর ২০২৬

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ঝলক দত্তের সহধর্মিণী সেবা দত্ত (৪১) আর নেই। দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে সাংবাদিক ঝলক দত্তের পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে সেবা দত্তের বয়স হয়েছিল ৪১ বছর। তিনি স্বামী সাংবাদিক ঝলক দত্ত, আগামী ১৮ নভেম্বর পাঁচ বছর পূর্ণ হতে যাওয়া একমাত্র কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাত্র পাঁচ বছরে পা দিতে যাওয়া শিশুকন্যাটির মাথার ওপর থেকে মায়ের স্নেহের ছায়া সরে যাওয়া এবং দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারিয়ে ঝলক দত্তের এই শোক ও বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাঁর এই অকালপ্রয়াণে পরিবারটির জীবনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

সেবা দত্তের মৃত্যুতে শ্রীমঙ্গলের সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষক সমাজের প্রতিনিধিরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা সাংবাদিক ঝলক দত্তের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আনুষ্ঠানিকভাবে শোকবার্তা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

সহকর্মী ও শুভানুধ্যায়ীরা প্রয়াত সেবা দত্তের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন। একই সঙ্গে শোকাহত সাংবাদিক ঝলক দত্ত ও তাঁর পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেছেন।

একজন জীবনসঙ্গীকে হারানোর বেদনার পাশাপাশি ছোট্ট কন্যাসন্তানকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন সাংবাদিক ঝলক দত্ত। এই দুঃসময়ে তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সহকর্মীরা।

সিলেটের খবর এর আরও খবর