img

প্রবাসীদের সহজ ভাবে ভোট প্রদানের সুযোগ তৈরি করে দিতে হবে

প্রকাশিত :  ১৩:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

-লন্ডনে হাইকমিশনের সাথে বৈঠকে প্রফেসর আব্দুল হান্নান

প্রবাসীদের সহজ ভাবে ভোট প্রদানের সুযোগ তৈরি করে দিতে হবে

বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট-২ (ওসমানী নগর-বিশ্বনাথ) সংসদীয় আসনের প্রার্থী প্রফেসর আব্দুল হান্নান বলেছেন, প্রবাসীদের শুধু রেমিটেন্স যোদ্ধা না বলে দেশের অর্থনীতির প্রধানতম চালিকা শক্তি হিসেবে তাদের যথাযত সম্মান দিতে হবে।  বাংলাদেশী নাগরিক পৃথিবীর যে দেশেই বসবাস করেন না কেন, নাগরিক হিসেবে তাদের প্রতিটি অধিকার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ হাই কমিশন লন্ডন যদি প্রবাসীদের দীর্ঘ  দিনের দাবি ভোটাধিকার বাস্তবে কার্যকর করতে পারে তবে সেটি হবে প্রবাসীদের জন্য সব চেয়ে বড় সম্মানজনক প্রাপ্তি।

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ সরকার প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে আন্তরিক এবং প্রবাসীরা মনে করছেন ভোটার তালিকায় সহজভাবে অন্তর্ভুক্তির জন্য  এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা বাংলাদেশ হাইকমিশনকেই পালন করবে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশে হাইকমিশন লন্ডনে মতবিনিময় কালে তিনি বক্তব্য রাখছিলেন। যুক্তরাজ্য সফররত প্রফেসর আব্দুল হান্নান মঙ্গলবার দুপুরে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে তার পূর্বনিধারিত মতবিনিময় অনুষ্ঠানের জন্য পৌঁছালে তাঁকে স্বাগত জানান হাইকমিশনার আবিদা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন,যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক আকবর হোসেন, হাইকমিশনের কাউন্সিলর মৌমিতা জিনাত। 

প্রবাসীদের ভোটাধিকার, দেশে প্রবাসীদের নিরাপদ বিনিয়োগ এবং দেশে প্রবাসীদের সম্পদ দখলরোধে আইনি সহায়তা ও রাজনৈতিক নেতৃত্বের সামাজিক কর্তব্য বিষয়ে প্রফেসর আব্দুল হান্নান আলোচনা করেন। 

তিনি হাইকমিশনার আবিদা ইসলামকে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে বলেন, আমি দেশে সিলেট-২ নির্বাচনী আসনের একজন প্রার্থী। প্রবাসে আমার আসনের হাজার হাজার নাগরিক বসবাস করেন।  অর্থনীতিতে তাদের অবদান কোনো ভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।আমি নির্বাচনী মতবিনিময়ের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন সিটিতে সফর করে সবার কাছ থেকেই এই দাবি পেয়েছি যে তারা সহজ উপায়ে তাদের ভোটাধিকার চান। তারা চান কোনো ধরণের জটিলতা ছাড়া ভোটার হয়ে তাদের আমানত ভোটটি প্রদান করতে। 

প্রফেসর হান্নান প্রবাসী বিনিয়োগ বিষয় উল্ল্যেখ করে বলেন, প্রবাসীদের বিনিয়োগের জন্য দেশ চমৎকার পরিবেশ রয়েছে। তিনি বিনিয়োগে আগ্রহীদের এ ক্ষেত্রে হাই কমিশন থেকে সহায়তা নেয়ার আহবান জানান, সেই সাথে তিনি নিজেও একজন ব্যবসায়ী এবং উদ্যোগতা হিসেবে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন,প্রবাসীরা দেশে বিনিয়োগ, চাঁদাবাজি কিংবা অন্যান্য কোনো কাজের ক্ষেত্রে  যেন আইনি জটিলতার মুখোমুখি না হন। তিনি বলেন, সামাজিক কোনো বিষয়ে তিনি এবং তাঁর দল সর্বাত্বক সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বিমান টিকেটের অতিরিক্ত মূল্য  এবং ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অন্য এয়ারলাইন্স চালু করতে হাই কমিশনের সহায়তা কামনা করেন। 

হাইকমিশনার আবিদা ইসলাম প্রফেসর আব্দুল হান্নানকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের ভোটাধিকার, দেশে বিনিয়োগ, বিমানের ভাড়া সহনশীল পর্যায়ে নেয়াসহ প্রবাসীদের সকল ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে তাঁর পক্ষ থেকে সকল ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব ও সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ এর প্রেস সেক্রেটারি, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী উদ্যোক্তা আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ওসমানী নগর-বিশ্বনাথ নাগরিক ফোরাম ইউকের সভাপতি শাহ নেসার আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, ওসমানী নগর-বিশ্বনাথ নাগরিক ফোরাম ইউকের সদস্য সচিব আব্দুর রহিম রঞ্জু, ফোরামের প্রধান সমন্বয়ক  কাজী নজমুল আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রব, কমিউনিটি ব্যক্তিত্ব তালেব উদ্দিন  রব, আব্দুর রউফ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান, আব্দুল বাসিত রফি প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর

img

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত :  ০৬:৫০, ২৭ জুন ২০২৬

ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে। হামলায় তাদের ১৮ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় অতিরিক্ত রক্তক্ষরণে কামাল, তার স্ত্রী ও ছোট মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় প্রাণ বাঁচাতে বাসা থেকে বেরিয়ে আশপাশের লোকজনের কাছে সাহায্য চাইতে যান পরিবারের ১৮ বছর বয়সী ছেলে। কিন্তু হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে জরুরি সেবায় খবর দিলে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির কারাবিনিয়েরি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পরে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরেও ছুরির আঘাত ছিল। তবে সেই আঘাত প্রাণঘাতী ছিল না। 

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ব্যক্তিগত বিরোধ, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে- সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ইতালির সংবাদ সংস্থা আনসা ও এজিআই জানিয়েছে, তিনজনই বাংলাদেশি বংশোদ্ভূত ছিলেন। তাদের প্রত্যেকের শরীরে ছুরির আঘাত ছিল এবং সেই আঘাতেই তাদের মৃত্যু হয়েছে। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের কারণ এখনো পুরোপুরি অজানা। এতে তদন্তকারীরা দ্বন্দ্বে পড়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না।

এদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। তদন্তের স্বার্থে ফ্ল্যাটটি ঘিরে রাখা হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে, যাতে হামলাকারীর পরিচয় শনাক্ত করা যায়।

রোম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযান চালানো হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম ইল মেসাজ্জেরোর তথ্য অনুযায়ী, পুলিশ প্রথমে সন্দেহ করছে যে ঘটনায় পরিবারের পরিচিত কেউ বা কোনো পারিবারিক বন্ধু জড়িত থাকতে পারেন। তবে কর্তৃপক্ষ বলেছে, এটি এখনো নিশ্চিত নয়, শুধু তদন্তের একটি সম্ভাব্য দিক। আর হত্যাকারী এখনো ধরা পড়েনি বলে তদন্তের বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে।


কমিউনিটি এর আরও খবর