img

ত্রয়োদশ সংসদ নির্বাচন: চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

প্রকাশিত :  ১৫:৩৮, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে টাকার অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু করে ভোটগ্রহণ শেষ হওয়ার দিন, ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন এসব সেবায় বিধিনিষেধ কার্যকর থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের কারণে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকরা প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠাতে পারবেন। এভাবে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এছাড়া ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ব্যাংকের অ্যাপ সেবা ব্যবহার করে একে অপরকে টাকা পাঠানোর সেবা বন্ধ থাকবে। 

কেন্দ্রীয় ব্যাংকের এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধের সিদ্ধান্ত হয়েছে। ফলে রোববার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (পূর্ণ ৯৬ ঘণ্টা) এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা ও লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক ১০টি। 

তবে মার্চেন্ট পেমেন্ট ও পরিষেবা বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। লেনদেনের বাইরে এমএফএস প্রতিষ্ঠানগুলোর অন্যান্য সেবা উল্লিখিত সময়সীমার মধ্যে সাময়িকভাবে বন্ধ থাকবে।

এছাড়া এমএফএসের মাধ্যমে কোনো আর্থিক অপরাধ সংগঠিত হলে তা তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠান নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠন করবে। এ সময়ে সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডারের পক্ষ থেকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনতে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবায় (আইবিএফটির মাধ্যমে লেনদেন) ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা দিতে বলা হয়েছে।

জাতীয় এর আরও খবর

img

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ১৩:২০, ২০ সেপ্টেম্বর ২০২৬

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফ্রেব্রুয়ারিতে ফিরবেন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে না সরকার। সচিবালয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার।

আদালত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেও ২০ সেপ্টেম্বর লকডাউনের ঘোষণা দেয় দলটি। তার আগে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই প্রসঙ্গে কথা বলেন মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ জানান, কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যাকাণ্ডে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা দোষ স্বীকার করেছেন। রামিসার ঘটনার মতোই তাদেরও দ্রুত চার্জশিট দেওয়া হবে।

বিরোধী দলের লংমার্চে সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বলেও জানান মন্ত্রী। মানববাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত ৮ মাসে ৩৬ শিশু লাশ উদ্ধার হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জাতীয় এর আরও খবর