img

আজ ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইউরোপীয় ইউ‌নিয়ন

প্রকাশিত :  ০৪:৫৩, ১০ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:১৬, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আজ ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইউরোপীয় ইউ‌নিয়ন
অত্যাসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যরাষ্ট্র থেকে আগত ২০০ জনের নির্বাচন পর্যবেক্ষক আজ থেকে সারাদেশে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ঢাকায় বর্তমানে সব স্বল্পমেয়াদি পর্যবেক্ষককে নির্বাচনের দিনের কার্যক্রম, ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল তালিকা পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার তাদের মোতায়েন করা হবে।

এরই মধ্যে ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক দেশে পৌঁছেছেন। পাশাপাশি ইইউ কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হয়ে পর্যবেক্ষণের পরিধি বাড়াচ্ছেন।

এছাড়াও গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে ১১ জন বিশ্লেষকের একটি মূল দল অবস্থান করছেন দেশে। তাদের সঙ্গে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় কাজ করছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের শহর, পৌর এলাকা ও গ্রামে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফলের তালিকা পর্যবেক্ষণ করবেন ইইউ পর্যবেক্ষকরা।
এছাড়াও আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস ইইউ মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ ও ফলাফল উপস্থাপন করবেন।

 

জাতীয় এর আরও খবর

img

সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

প্রকাশিত :  ০৫:১৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।