img

ইশরাকের আসনসহ ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

প্রকাশিত :  ১৫:০৭, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৩৬, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ইশরাকের আসনসহ ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

দলটির অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট আসনগুলো হলো—ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন–এর আসনও রয়েছে।

আবেদনে বলা হয়েছে, এসব আসনে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ আবেদনের পর এই ৩ আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচনি ট্রাইব্যুনাল।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে নির্বাচনি আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। এরপর একই দিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

এরপর নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। তবে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় এখনো দু’টি আসনের ফলাফলের গেজেট জারি করা হয়নি।

img

জয়যাত্রা ইস্যুতে ইরানকে আবারও অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ০৬:৫১, ২১ এপ্রিল ২০২৬

তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের পার্শ্ববৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ যাতায়াতের বিষয়ে পুনরায় অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

গত রোববার রাতে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জাহাজগুলোকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া ছয়টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই অঞ্চলে বর্তমান পরিস্থিতি বেশ উত্তপ্ত থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উভয় নেতা এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন।

সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চলমান সংকট নিরসনে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।

তিনি জোর দিয়ে বলেন, যে কোনো মতভেদ সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সমাধান করা উচিত। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।

এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ‘বাংলার জয়যাত্রা’ এবং অপর একটি অপরিশোধিত তেলবাহী জাহাজের নিরাপদ যাতায়াতের বিষয়ে সহযোগিতা চেয়েছিলেন।

সেই সময় রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ইরানের যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ইরানের পক্ষ থেকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে বাংলাদেশের ১৩তম সংসদ অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ এবং শোক বইয়ে স্বাক্ষর করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ ছাড়া ইরানে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগেরও প্রশংসা করা হয় বৈঠকে।

জাতীয় এর আরও খবর