img

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

প্রকাশিত :  ০৫:৩৫, ১৬ এপ্রিল ২০২৬

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল–এর ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণের সূচি বাতিল করা হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশব্যাপী তীব্র জ্বালানি সংকট বিরাজ করছে। এই অবস্থায় সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে প্রতিদ্বন্দ্বী আইনজীবীদের পক্ষে দেশজুড়ে নির্বাচনি প্রচারণা চালানো ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা বার সমিতির পক্ষ থেকে নির্বাচন স্থগিতের জন্য আবেদন ও অনুরোধ জানানো হয়েছিল। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ২ এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত ১৯ মে’র নির্বাচন স্থগিত করা হয়।

এর আগে গত ২ এপ্রিল বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ মে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছিল। ওই সভায় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এএসএম বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল আল মামুনসহ কাউন্সিলের বিভিন্ন কমিটির শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অ্যাডহক কমিটির মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত হওয়ায় প্রতিষ্ঠানটির পরবর্তী পদক্ষেপ বা নতুন সময়সূচি সম্পর্কে আইনজীবীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।


জাতীয় এর আরও খবর

img

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত :  ১৭:১৫, ১৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৪৪, ১৬ এপ্রিল ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি সদ্য লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বিকাল (বৃহস্পতিবার) ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’

ট্রাম্প জানান, ৩৪ বছর পর প্রথমবারের মতো মঙ্গলবার ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে ইসরাইল ও লেবাননের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

পোস্টের শেষে ট্রাম্প বলেন, ‘বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল, আর এটিই হবে আমার দশম—চলুন, এটি সম্পন্ন করি।’

সূত্র: আল-জাজিরা


জাতীয় এর আরও খবর