img

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত :  ০৮:০৬, ০৫ মার্চ ২০২৬

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

সরকার পরিবর্তনের চেষ্টা করলে ইসরাইলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। গতকাল বুধবার (৪ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্ট’স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। 

সংস্থাটির বরাতে এক জ্যেষ্ঠ ইরানি সামরিক কর্মকর্তা বলেন, ইরানের সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে কোনো বিদেশি হস্তক্ষেপ বা ষড়যন্ত্র হলে তেহরান কঠোর ও দৃঢ় জবাব দেবে।

তিনি বিশেষ করে ইসরাইলের ডিমোনা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উল্লেখ করে বলেন, যুদ্ধ চাপিয়ে দিলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক ব্যবস্থা রক্ষায় ইরান প্রয়োজন হলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত।

কর্মকর্তারা বলেন, এমন প্রতিক্রিয়ার উদ্দেশ্য হবে বিদেশি শক্তিগুলোকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা।

ওই কর্মকর্তা বলেন, ‘এটি স্পষ্ট সতর্কবার্তা— সরকার পরিবর্তনের যে কোনো চেষ্টা শক্ত ও পরিকল্পিত প্রতিশোধের মুখে পড়বে।’

এদিকে রাতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আরও জোরদার হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তেহরানে সামরিক অবকাঠামো ও নিরাপত্তা কমান্ড সেন্টারসহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এ ছাড়া কেরামানশাহ শহরেও হামলার খবর পাওয়া গেছে। পাশাপাশি তাবরিজ ও ইয়াজদ শহরের আবাসিক এলাকায় বোমা পড়েছে। 

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পাঁচ দিনের এই হামলায় নিহত ও আহতের সংখ্যা ১,০৪৫ জন ছাড়িয়েছে।


হরমুজ ইস্যু

img

ইরানের সুবিধাজনক অবস্থানকে ‘একটু চালাকি’ বললেন ট্রাম্প

প্রকাশিত :  ১৭:২১, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:২৭, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ নিয়ে গত কয়েক দিন ধরেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন চলছে। এর মধ্যে প্রণালিটি পুনরায় বন্ধ করার ঘোষণা দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানায় দ্য টাইমস অব ইসরাইল।

তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন যে, তেহরানের সঙ্গে আলোচনা ‘খুবই ভালোভাবে’ এগোচ্ছে।

ট্রাম্প বলেন, ‘তারা আবার এই প্রণালি বন্ধ করতে চেয়েছে। কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং আশা করছি দিনের শেষে এই বিষয়ে কিছু তথ্য পাওয়া যাবে।’

এদিকে শনিবার হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য পুনরায় বন্ধের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করলেন।

তবে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও আলোচনার ওপর আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আলোচনা চমৎকার চলছে।’ তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, পর্দার অন্তরালে এখনো কূটনৈতিক প্রক্রিয়া সক্রিয় রয়েছে।

এর আগে পরস্পরবিরোধী প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে ইরানি অধ্যাপক মোস্তফা খোশচেশম বলেন, ‘যুক্তরাষ্ট্র যত দিন এই আচরণ বজায় রাখবে, ইরান তত দিন যুদ্ধ চালিয়ে যাবে।’

তেহরানের বর্তমান পরিস্থিতি ও জনমানস সম্পর্কে খোশচেশম বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত।

একই সঙ্গে সাধারণ মানুষও প্রতিরোধের পক্ষে। তার দাবি, লাখ লাখ মানুষ প্রতি রাতে রাজপথে নেমে এসে এই ‘প্রতিরোধ’ জারি রাখার দাবি জানাচ্ছে।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অধ্যাপক বলেন, ‘ইরান বিশ্বাস করে যে তারা বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে তারা এই শ্রেষ্ঠত্ব বা আধিপত্য প্রমাণ করতে চায়।’


আন্তর্জাতিক এর আরও খবর