img

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের

প্রকাশিত :  ১০:৫১, ১৬ এপ্রিল ২০২৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে আহ্বান জানিয়েছে দেশটির তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ।

আজ বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র; সেই ফোনালাপে এই আহ্বান জানিয়েছেন ওয়াং।

ফোনালাপে আরাগচিকে ওয়াং ই বলেছেন, “হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করা ও সুরক্ষিত রাখা উচিত,  একই সঙ্গে এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা-নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।”

“তিনি আরও বলেছেন, “বর্তমানে সার্বিক পরিস্থিতি বেশ জটিল একটি জায়গায় পৌঁছেছে। আমরা এখন সংঘাত এবং শান্তির মধ্যবর্তী একটি স্থানে আছি। এই স্থান থেকে শান্তিতে উত্তরণের পথ হতে পারে হরমুজ প্রনালিকে মুক্ত করে দেওয়া।”

ওয়াং ই আরও জানান, যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা এবং উভয়পক্ষের আলোচনায় ফিরে আসাকে চীন পূর্ণ সমর্থন দিচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। অবশ্য ওয়াং ই’র এই আহ্বানের জবাবে আরাগচি কী বলেছেন, তা উল্লেখ করা হয়নি মন্ত্রণালয়ের বিবৃতিতে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাইরের অনেক দেশের কাছে তেল বিক্রি করতে পারে না ইরান। চীন ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের মোট তেলের ৮০ শতাংশই কেনে চীন।

সূত্র : বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট


আন্তর্জাতিক এর আরও খবর

img

মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ

প্রকাশিত :  ১৫:০৯, ২১ এপ্রিল ২০২৬

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, একটি তেলবাহী ইরানি জাহাজ যুক্তরাষ্ট্রের অবরোধ অতিক্রম করে দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে পৌঁছেছে।

সেনবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সন্ত্রাসী সেনাদের বারংবার সতর্কবার্তা ও হুমকির পরেও, ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় তেল বহনকারী জাহাজ সিলিকা সিটি আরব সাগর থেকে গতকাল রাতে ইরানের জলসীমায় প্রবেশ করেছে এবং কয়েক ঘণ্টা আগে দক্ষিণের একটি বন্দরে নোঙর করেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে মার্কিন বাহিনী ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সাহায্য করার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামের একটি তেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে মার্কিন বাহিনী। সোমবার (২০ এপ্রিল) রাতে পেন্টাগনের (বর্তমান ট্রাম্প প্রশাসন যার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়) নির্দেশে এই অভিযান চালানো হয়। 

মূলত ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং দেশটিকে সাহায্য করা জাহাজগুলোর পথ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।