img

নির্দিষ্ট ‘লাল রেখা’ মানলে বৈঠকে বসবে ইরান

প্রকাশিত :  ০৬:৫৯, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৫৪, ২০ এপ্রিল ২০২৬

নির্দিষ্ট ‘লাল রেখা’ মানলে বৈঠকে বসবে ইরান

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির শেষ মুহূর্তে আবারও আলোচনায় বসতে যাচ্ছে। বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে পাকিস্তানের পথে আছে মার্কিন প্রতিনিধি দল। আর শেষ সময়ে বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরান।

তবে দেশটির পক্ষ থেকে নির্দিষ্ট কয়েকটি শর্ত তথা ‘লাল রেখা’ টেনে দেওয়া হয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ ইরানি আইনপ্রণেতার বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, এই সীমা সম্মানের সঙ্গে মানতে হবে যুক্তরাষ্ট্রকে—এমন দাবি তেহরানের। তবে শর্তগুলো প্রকাশ করা হয়নি।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, তেহরানের আলোচনায় থাকার সিদ্ধান্তের অর্থ এই নয় যে তারা ‘যেকোনো মূল্যে’ আলোচনা করবে বা অপর পক্ষের যেকোনো পদ্ধতি মেনে নেবে। ইরান তাদের নিজস্ব কিছু লাল রেখা নির্ধারণ করেছে এবং সেগুলো অবশ্যই মানতে হবে।

ইসলামাবাদে ইরান কোনো প্রতিনিধিদল পাঠাবে কি না—এমন প্রশ্নের জবাবে আজিজি ইঙ্গিত দেন, তা নির্ভর করবে ইতিবাচক সংকেত পাওয়ার ওপর।

তিনি বলেন, আমরা কখনোই আলোচনার নীতিকে ভয় পাইনি। হয়তো আজ বা আগামীকাল, আরও মূল্যায়নের পর আমরা এ সম্ভাবনা বিবেচনা করতে পারি। তবে শর্ত হলো, মার্কিন আলোচনাকারী দল এবং তারা ইরান থেকে যে বার্তা পেয়েছে, তা যেন ইতিবাচক হয়।

বিবিসি জানিয়েছে, ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে।  দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইরানের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর খবর এখনও পাওয়া যায়নি।

এদিকে মার্কিন প্রতিনিধিদলের আগমনের সঙ্গে সঙ্গে পাকিস্তান সরকার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করে লকডাউন জারি করে। এতে জোরালোভাবে ধারণা করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আনাদলু এজেন্সি জানিয়েছে, ১১ ও ১২ এপ্রিল প্রথম দফার বৈঠক যেই পাঁচতারকা হোটেলে হয়েছিল, সেই হোটেলের দিকে যাওয়ার সব সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় দফার বৈঠকও সেখানেই হবে।


আন্তর্জাতিক এর আরও খবর

বিবেচনার আশ্বাস ট্রাম্পের

img

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

প্রকাশিত :  ১১:৩৭, ২০ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান অসীম মুনির। সোমবার পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। এ সময় ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি রাখা অবরোধ শান্তি আলোচনার জন্য বাধা সৃষ্টি করছে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন তিনি।

ফোনালাপে ট্রাম্পকে অসীম মুনির বলেন, ‌‘‘ইরানি বিভিন্ন বন্দরে মার্কিন অবরোধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর ক্ষেত্রে বড় বাধা তৈরি করেছে।’’

ওই সূত্র বলেছে, ‘‘ট্রাম্প মুনিরকে জানিয়েছেন, তিনি তার এই পরামর্শ বিবেচনা করবেন।’’

সূত্রটি বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাকিস্তানে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানাতে যোগাযোগ করেছিলেন। তবে পেজেশকিয়ান জানিয়েছেন, অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইরান কোনও প্রতিনিধি দল পাঠাবে না।

ওমান সাগরে ইরানি একটি বাণিজ্যিক জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট আগ্রাসনের পর ইরানের সামরিক বাহিনী মার্কিন বাহিনীকে মোকাবিলায় প্রস্তুত বলে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন।

রোববার ইরানের বন্দর আব্বাসের দিকে যাত্রা করা ইরানি পতাকাবাহী তুসকা নামের একটি কার্গো জাহাজে গুলি এবং পরে সেটি জব্দ করার দাবি জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, তুসকা জাহাজে ক্রু সদস্য এবং তাদের পরিবার উপস্থিত থাকায় সশস্ত্র বাহিনী তখন সংযত ছিল। তবে তারা নিরাপদ হওয়ার পর ইরানি সামরিক বাহিনী মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র: রয়টার্স।