img

দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী

প্রকাশিত :  ১২:০৭, ০৪ এপ্রিল ২০২৬

দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী

দেশের সকল কোচিং সেন্টার বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের শতভাগ কোচিং সেন্টার বন্ধ করা হবে এবং অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা কোচিং সেন্টার ও কিন্ডারগার্টেনগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। ভবিষ্যতে দেশে কোচিং সেন্টার পরিচালনার সুযোগ থাকবে না বলেও জানান তিনি।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে একটি মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সময়মতো পাঠদানে ক্লাসরুমে উপস্থিত থাকেন কি না সেটি সিসি ক্যামেরায় রেকর্ড রাখা হবে। পরীক্ষা চলাকালে কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে ওই কেন্দ্রের কেন্দ্র সচিবকে আইনের আওতায় আনা হবে।

এমনকি প্রতিষ্ঠানের বাথরুমেও যদি কোনো নকল পাওয়া যায় তার জন্যও প্রতিষ্ঠানপ্রধানকে জবাবদিহি করতে হবে।’ 

তিনি বলেন, ‘কেন্দ্রের বাইরে থেকে কেউ নকলে সহযোগিতা করলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কাউকে নকল করতে দেওয়া হবে না, নকলের সহযোগিতাও করতে দেওয়া হবে না।’

সভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম, কুমিল্লা শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রোলার মো. কবির আহমদ, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান, কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান প্রমুখ।

শিক্ষা এর আরও খবর

img

আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ

প্রকাশিত :  ১৭:৫৯, ২৬ জুলাই ২০২৬

আগামী ১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, নীতিমালাটি চূড়ান্ত হওয়ার পর শিক্ষকদের নতুন পে-স্কেলসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা শুরু করা হবে।

আজ রোববার (২৬ জুলাই) সিলেট পিটিআইয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের বাস্তব পরিস্থিতি এবং উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাখাতে বড় ধরনের সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। শিক্ষক সংকট নিরসনে সিলেট বিভাগে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প সফল হলে তা পর্যায়ক্রমে দেশব্যাপী বিস্তৃত করা হবে।

এছাড়া দেশের বেসরকারি বিদ্যালয়গুলোকে একটি সুনির্দিষ্ট ও সমন্বিত নীতিমালার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি দেশের সব চা-বাগানের প্রাথমিক বিদ্যালয়গুলোতে খুব শীঘ্রই পুরোদমে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।


শিক্ষা এর আরও খবর