img

শিক্ষক-ছাত্রীর ত্রিভুজ প্রেমের বলি ঢাবির মিমো?

প্রকাশিত :  ১৫:৪২, ২৬ এপ্রিল ২০২৬

শিক্ষক-ছাত্রীর ত্রিভুজ প্রেমের বলি ঢাবির মিমো?

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। সংশ্লিষ্টদের ধারণা, ত্রিভুজ প্রেমের বলি হয়ে অভিমানে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মিমো। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ‘সুইসাইড নোট’ এই ধারণাকে পোক্ত করেছে বলে জানিয়েছেন তারা। ইতোমধ্যে এই নোটের ভিত্তিতে একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মহত্যার প্ররোচনায় তার বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলাও করেছে মিমোর পরিবার। একই সঙ্গে তার এক সহপাঠীকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডার নিজ বাসা থেকে মিমোর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার লাশটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। নাট্যকর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। এ ছাড়া তাকে নির্দেশনা দিতেও দেখা গেছে। এ ঘটনায় আটক সহপাঠীর নাম উম্মে হানি। আর গ্রেপ্তার ব্যক্তি ওই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী। মিমোর সুইসাইড নোটে এ দুজনের নাম এসেছে।


মিমোর পরিবার সূত্রে জানা গেছে, মিমো সচরাচর দরজা খোলা রেখে ঘুমাতেন। তবে আজ ফজরের আজানের পর দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ধাক্কাধাক্কি করেন। তবে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার সহপাঠীরা জানিয়েছেন, রবিবার সকাল ৯টার দিকে তারা খবর পেয়ে বাড্ডা এলাকায় তার বাসভবনে আসেন। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে সুদীপ চক্রবর্তী ও উম্মে হানির নাম থাকায় তাদের হেফাজতে নেয় পুলিশ।

মেহজাবিন মিমোর সহপাঠী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মহিউদ্দিন রনি গণমাধ্যমকে বলেন, আমাদের বাবা-মা তাদের সন্তানকে শিক্ষকদের কাছে পাঠিয়ে নিশ্চিতে থাকতে চান। কিন্তু এখন দেখছি পিতৃতুল্য এই শিক্ষকদের কাছেও আমাদের বোনেরা নিরাপদ নন। সুইসাইড নোটে সুদীপ স্যার ও হানির নাম এসেছে। শোনা যাচ্ছে একটি ত্রিমুখী প্রণয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং ওই শিক্ষকের প্ররোচণায় মিমো আত্নহনন করতে বাধ্য হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল— ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেয়া...।’


এদিকে মিমোর আত্মহননের ঘটনায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাতে ১টার দিকে সুদীপ চক্রবর্তীর সঙ্গে ছয় মিনিট কথা বলেছেন মিমো। তবে সুদীপ সে কল হিস্ট্রি ডিলিট করে দিয়েছেন। আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি, ঘটনার সঙ্গে সুদীপ চক্রবর্তীর সংশ্লিষ্টতা থাকতে পারে।

শিক্ষা এর আরও খবর

img

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

প্রকাশিত :  ০৮:৩৭, ১৭ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৩৫, ১৭ জুন ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের ভুল তথ্য দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে তাদের কাছে কারণ ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশ জারি করেছে। মাউশির বেসরকারি কলেজ-৩ শাখা থেকে নোটিশটি প্রকাশ করা হয়েছে।

নোটিশ পাওয়ার পর ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব পর্যালোচনা করে সংশ্লিষ্টদের এমপিওভুক্ত বেতন-ভাতা স্থগিতের সুপারিশ করা হতে পারে বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) হতে প্রাপ্ত তথ্যাদি যাচাইয়ের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন পরিচালক (সব), আঞ্চলিক কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির প্রেক্ষিতে আঞ্চলিক পরিচালকরা কলেজ পর্যায়ের সব শূন্যপদের সঠিকতা যাচাইপূর্বক নিম্নবর্ণিত তথ্যাদি পাঠান। প্রাপ্ত প্রতিবেদনে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক নিম্নবর্ণিত কারণে ২৩৭টি পদ Incorrect বা ভুল চাহিদা দেওয়া হয়। 

এক্ষেত্রে প্যাটার্ন বহির্ভূত পদে চাহিদা প্রদান; সংশ্লিষ্ট বিষয়ে কাম্য শিক্ষার্থী নেই; ভুল চাহিদা প্রদান; সংশ্লিষ্ট পদের বিপরীতে মামলা চলমান থাকলেও ই-রিকুজিশনে চাহিদা প্রদান; শিক্ষক প্রাপ্যতা না থাকা সত্ত্বেও ই-রিকুজিশনে চাহিদা প্রদান; যাচাইয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথাসময়ে তথ্য সরবরাহ না করার মতো ঘটনা রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ভুল চাহিদা প্রাপ্তিতে একদিকে যেমন প্রশাসনিক বিভ্রান্তির সৃষ্টি হয়, অপরদিকে ভুল পদে কোনো ব্যক্তি সুপারিশ/নিয়োগ প্রাপ্তির ফলে এমপিওভুক্তির ক্ষেত্রে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। বিধায় উপর্যুক্ত ভুল চাদিহা প্রদান/ যাচাইয়ের নিমিত্তে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যথাসময়ে তথ্য সরবরাহ না করায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ এর ১৮.১(ঘ) মোতাবেক কেন সংশ্লিষ্ট অধ্যক্ষের বিরুদ্ধে এমপিও স্থগিত/বাতিল করা হবে না তার জবাব এবং গভর্নিং বডির সভাপতির পদ শূন্য ঘোষণাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তার মতামত ১০ (দশ) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


শিক্ষা এর আরও খবর