img

তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, তদন্তে কমিটি গঠন ইবি প্রশাসনের

প্রকাশিত :  ০৯:৩৮, ০৯ এপ্রিল ২০২৬

তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, তদন্তে কমিটি গঠন ইবি প্রশাসনের

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করা ব্যক্তিদের চিহ্নিত করতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে । কমিটিতে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলীকে আহ্বায়ক করা হয়েছে।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রবিউল হক। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে। 

জানা যায়, গত ৩০ মার্চ রাতে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক একটি ফেসবুক পেইজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, আমরা অবশ্যই বাকস্বাধীনতা চাই; কিন্তু এমন বাকস্বাধীনতা চাই না, যার মাধ্যমে মিথ্যা এবং ভুয়া তথ্য দিয়ে সাইবার বুলিং ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হবে। প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছে অতিদ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে তারা এমন ধৃষ্টতা দেখানোর সাহস আর কখনো না করে।

তদন্ত কমিটির আহ্বায়ক ড. শাহজাহান আলী বলেন, মঙ্গলবার আমরা চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে দ্রুত বৈঠক ডাকা হবে। টেকনিক্যাল ও আইনি— দুই দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত করে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট প্রদানের চেষ্টা করব।


img

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

প্রকাশিত :  ০৬:০৭, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:০৮, ২১ এপ্রিল ২০২৬

দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এতে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় বসছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম সিলেট বোর্ডে।

সাধারণ শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে রয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন। অধিকাংশ বিভাগেই ছাত্রের তুলনায় ছাত্রীর অংশগ্রহণ বেশি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এবার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন। সব কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেন্দ্র এলাকায় ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষা ঘিরে শিক্ষামন্ত্রীর সম্ভাব্য ‘সারপ্রাইজ ভিজিট’ নিয়েও আলোচনা রয়েছে। একইসঙ্গে পরীক্ষার্থীদের জন্য সহায়ক ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে আজ পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।