img

সুনামগঞ্জে উদীচীকে জাদুঘর প্রাঙ্গণে বৈশাখের অনুষ্ঠান করতে না দেওয়ার অভিযোগ

প্রকাশিত :  ০৭:১০, ১৫ এপ্রিল ২০২৬

 সুনামগঞ্জে উদীচীকে জাদুঘর প্রাঙ্গণে বৈশাখের অনুষ্ঠান করতে না দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এবারের পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান করতে না দেওয়ার অভিযোগ করেছেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা। তাঁদের দাবি, এক দশকের বেশি সময় ধরে এখানে নিয়মিতভাবে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে এলেও এবার অনুষ্ঠান করতে প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়নি।

সুনামগঞ্জ উদীচী সভাপতি, সুনামগঞ্জের নারী আন্দোলনের বিশিষ্ট নেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শীলা রায় এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু জাদুঘর প্রাঙ্গণে নয়, শহরের অন্য একটি স্থানেও বর্ষবরণ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেখানেও প্রশাসন থেকে অনুমতি পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শুধু ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। অনুষ্ঠান করতে বাধা দেওয়ার বিষয়টি সঠিক নয়। সরকারি আয়োজন থাকার কারণে তাদের অনুরোধ করা হয়েছিল সে আয়োজনে অংশ নিতে। আলাদা বর্ষবরণ অনুষ্ঠান করতে কোনো বাধা নেই।

তবে উদীচীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিবছরের মতো এবারও তারা সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল। এ বিষয়ে ৮ এপ্রিল জেলা প্রশাসকের কাছে লিখিত অনুমতি চাওয়া হয়। জেলা প্রশাসক মৌখিকভাবে জানান, অনুষ্ঠানের গানের ও অন্যান্য পরিবেশনার তালিকা জমা দিতে হবে। উদীচীর মতে, একটি স্বাধীন ও গণমুখী সাংস্কৃতিক সংগঠন হিসেবে তারা গানের তালিকা প্রদান করতে বাধ্য নয়। ফলে শহরের উকিলপাড়ায় রিভার ভিউয়ের বটতলায় বিকল্প বর্ষবরণ উৎসব আয়োজনের চেষ্টা করা হয়। কিন্তু পয়লা বৈশাখের আগের দিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুঠোফোনে জানান যে সরকারি আয়োজনে সব সংগঠন থাকছে, আলাদা আয়োজন করা যাবে না।

উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, এর প্রতিবাদে তাঁরা আজ মঙ্গলবার সকালে শহরের হুসেন বখত চত্বরে প্রতিবাদ সভা ও সংক্ষিপ্ত পরিসরে বর্ষবরণ অনুষ্ঠান করেন। প্রশাসনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের আচরণ স্বাধীন সংস্কৃতিচর্চাকে বাধাগ্রস্ত করছে।

সিলেটের খবর এর আরও খবর

img

মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

প্রকাশিত :  ১৩:৩২, ২১ এপ্রিল ২০২৬

স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সুচনার লক্ষ্যে ও উন্নত আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল (১৮ ই এপ্রিল) উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। 

প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম আনসার এর সভাপতিত্বে এবং ইনসানিয়া হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদ এর যৌথ পরিচালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন মৌলভীবাজার -রাজনগর আসনের সাংসদ এম. নাসের রহমান এমপি। 

অনুষ্ঠানের উদ্বোধক খ্যাতনামা আলেম ড. এনায়েত উল্লা আব্বাসী ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানৃর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অতিথিবৃন্দ ছাড়াও এই মহতি পোগ্রামে ডা: রাকিবুল পলাশ, ডা:এনামুর রশিদ দিপু, ডা:ইয়াহিয়া মাহমুদ, ডা: ছাদিক আহমেদ, ইউসুফ আলী, আতাউর রহমান, আমিনুর চৌধুরী, মুহিবুর রহমান রাজু, ইসতিয়াক চৌধুরী  ও ইমন আহমেদ সহ অন্যান্য ডিরেক্টর ও শেয়ার হোল্ডার বৃন্দ বক্তব্য রাখেন।

আধুনিক যন্ত্রপাতি, ও দক্ষ চিকিৎসক ধারা পরিচালিত নতুন এ প্রতিষ্ঠান চালুর ফলে মৌলভীবাজার জেলাবাসী  সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

মধ্যাহ্নভোজন শেষে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক,সাংবাদিক ও সমাজসেবী সহ আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। 

ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এই প্রজেক্ট বাস্তবায়নে ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও সকল ডিরেক্টর  এবং শেয়ার হোল্ডার সহ দেশে বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে  মৌলভীবাজার জেলাবাসীর সেবার অঙ্গীকারে, মনোরম পরিবেশে ইনসানিয়াতের সাথে মানবতার কল্যাণে নির্ভরতার এক বিশ্বস্ত ঠিকানায় সবসময় মানুষের পাশে থাকার দীপ্ত শপথে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে ইনসানিয়া হাসপাতালের আগামী দিনের পথচলায়  বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন। 


সিলেটের খবর এর আরও খবর