img

শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধে ছেলের হামলায় বাবা নিহত

প্রকাশিত :  ১২:৫০, ১৫ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধে ছেলের হামলায় বাবা নিহত

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের হামলায় এক বৃদ্ধ নিহত এবং তার আরেক ছেলে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আকল মিয়া (৮৮) ওই এলাকার মৃত আসকর মিয়ার ছেলে। গুরুতর আহত হয়েছেন তার বড় ছেলে শহিদুর মিয়া (৪৫)। তাদের বাড়ি ঘটনাস্থলেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে পিতাকে আঘাত করেন। তাকে বাঁচাতে এগিয়ে এলে বড় ভাই শহিদুর মিয়াও হামলার শিকার হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়া পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


সিলেটের খবর এর আরও খবর

img

হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটিরও অধিক টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও ফুচকা জব্দ

প্রকাশিত :  ১৯:৩৪, ২১ এপ্রিল ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ওষধ ও ফুচকা জব্দ করেছে।

আজ (২১ এপ্রিল) দুপুরে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।  আনুমানিক দুপুর ১২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায় যে, ট্রাকটিতে বহনকৃত ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ঔষধ এবং ফুচকা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে বহনকৃত এসব অবৈধ পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য আনুমানিক ২ কোটি ২০ হাজার টাকা। 

জব্দকৃত ভারতীয় ওষুধ ও ফুচকাগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশীয় ওষুধ শিল্প রক্ষা এবং  অর্থনীতিকে সুসংহত রাখা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সিলেটের খবর এর আরও খবর