img

শ্রীমঙ্গলে হাইল হাওরে জালে ধরা বিশালাকৃতির অজগর উদ্ধার, বনাঞ্চল ধ্বংসে লোকালয়ে বন্যপ্রাণীর আগমন বৃদ্ধি

প্রকাশিত :  ০৮:৪৯, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৫০, ১৯ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে হাইল হাওরে জালে ধরা বিশালাকৃতির অজগর উদ্ধার, বনাঞ্চল ধ্বংসে লোকালয়ে বন্যপ্রাণীর আগমন বৃদ্ধি

সংগ্রাম দত্ত: পাহাড়, বনাঞ্চল, হাওর, লেক ও চা-বাগানে ঘেরা পর্যটন নগরী শ্রীমঙ্গলের হাইল হাওর এলাকায় জেলেেদের জালে ধরা পড়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে সাপটি উদ্ধার করা হয়।

রবিবার (১৯ এপ্রিল ) দুপুরে শ্রীমঙ্গল জেটি রোড সংলগ্ন হাইল হাওরে মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে অজগরটি আটকা পড়ে। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দা রাজা মিয়া ও সাইদুল হক আবুল মুঠোফোনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে অবহিত করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান। প্রায় আধাঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে জালটি তুলে এনে তারা অজগরটিকে সফলভাবে উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি বলে জানা গেছে।

পরবর্তীতে অজগরটিকে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়, যেখানে প্রয়োজনীয় ব্যবস্থা শেষে এটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলের বিভিন্ন বনাঞ্চল, পাহাড় ও জঙ্গল নির্বিচারে উজাড় হওয়ায় বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল ও খাদ্যসংকট দেখা দিয়েছে। এর ফলে তারা ক্রমেই লোকালয়ে চলে আসছে এবং অনেক ক্ষেত্রে মানুষের হাতে ধরা পড়া বা যানবাহনের নিচে চাপা পড়ে মারা যাচ্ছে।

গত দেড় দশকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন হাজারেরও বেশি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ আশপাশের বনাঞ্চল রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি অবৈধভাবে পাহাড় ও বনভূমি উজাড় করে গড়ে ওঠা রিসোর্ট, বসতি ও বাগানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিশেষজ্ঞরা মনে করছেন, বনাঞ্চল ধ্বংসের ফলে শুধু বন্যপ্রাণীর অস্তিত্বই হুমকির মুখে পড়ছে না, বরং প্রকৃতির সামগ্রিক ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।


সিলেটের খবর এর আরও খবর

img

মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

প্রকাশিত :  ১৩:৩২, ২১ এপ্রিল ২০২৬

স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সুচনার লক্ষ্যে ও উন্নত আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল (১৮ ই এপ্রিল) উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। 

প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম আনসার এর সভাপতিত্বে এবং ইনসানিয়া হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদ এর যৌথ পরিচালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন মৌলভীবাজার -রাজনগর আসনের সাংসদ এম. নাসের রহমান এমপি। 

অনুষ্ঠানের উদ্বোধক খ্যাতনামা আলেম ড. এনায়েত উল্লা আব্বাসী ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানৃর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অতিথিবৃন্দ ছাড়াও এই মহতি পোগ্রামে ডা: রাকিবুল পলাশ, ডা:এনামুর রশিদ দিপু, ডা:ইয়াহিয়া মাহমুদ, ডা: ছাদিক আহমেদ, ইউসুফ আলী, আতাউর রহমান, আমিনুর চৌধুরী, মুহিবুর রহমান রাজু, ইসতিয়াক চৌধুরী  ও ইমন আহমেদ সহ অন্যান্য ডিরেক্টর ও শেয়ার হোল্ডার বৃন্দ বক্তব্য রাখেন।

আধুনিক যন্ত্রপাতি, ও দক্ষ চিকিৎসক ধারা পরিচালিত নতুন এ প্রতিষ্ঠান চালুর ফলে মৌলভীবাজার জেলাবাসী  সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

মধ্যাহ্নভোজন শেষে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক,সাংবাদিক ও সমাজসেবী সহ আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। 

ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এই প্রজেক্ট বাস্তবায়নে ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও সকল ডিরেক্টর  এবং শেয়ার হোল্ডার সহ দেশে বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে  মৌলভীবাজার জেলাবাসীর সেবার অঙ্গীকারে, মনোরম পরিবেশে ইনসানিয়াতের সাথে মানবতার কল্যাণে নির্ভরতার এক বিশ্বস্ত ঠিকানায় সবসময় মানুষের পাশে থাকার দীপ্ত শপথে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে ইনসানিয়া হাসপাতালের আগামী দিনের পথচলায়  বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন। 


সিলেটের খবর এর আরও খবর