img

গাজীপুরে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

প্রকাশিত :  ০৫:১৬, ১০ মে ২০২৬

গাজীপুরে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গরু চুরির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে স্থানীয় জনতার গণপিটুনিতে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

আজ রবিবার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ নিয়ে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরি করতে যায়। এসময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা চোরদের ধাওয়া করে। একপর্যায়ে স্থানীয় জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনজন গুরুতর আহত হন।

পরে উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। 

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে তাৎক্ষণিকভাবে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এলাকাবাসীর গণপিটুনিতে তিনজনেরই মৃত্যু হয়েছে। তাদের ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

img

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি

প্রকাশিত :  ১২:৫০, ১০ মে ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ও রাজনীতির বাইরে থাকা যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ বা বিএনপি থেকে আসা নেতাকর্মীদের প্রার্থী করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা আগে বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অনেক প্রার্থী আছেন যারা আগে কখনো সক্রিয় রাজনীতি করেননি। ৫-৭ বছর আগে আওয়ামী লীগ করতেন কিন্তু পরবর্তীতে দলটির \'স্বৈরাচারী\' আচরণের কারণে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, এমন গ্রহণযোগ্য ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম পরিষ্কার করেন যে, এনসিপি বর্তমানে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, সব উপজেলায় জোটগতভাবে একজন প্রার্থী নির্বাচন করা বেশ জটিল। তবে ভবিষ্যতে জোটবদ্ধ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ সময়রেখা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানা থাকলে প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে।

এনসিপি জানিয়েছে, এটি তাদের প্রথম ধাপের তালিকা এবং পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও পৌরসভার জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এই ১০০ প্রার্থীর মনোনয়নের মধ্য দিয়ে এনসিপি স্থানীয় নির্বাচনে তাদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।