img

ট্রাম্পের শান্তি চুক্তির ইঙ্গিতে কমলো তেলের দাম

প্রকাশিত :  ১০:৪৩, ০৬ মে ২০২৬

ট্রাম্পের শান্তি চুক্তির ইঙ্গিতে কমলো তেলের দাম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে তেলের দাম।

আজ বুধবার (৬ মে) রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৬৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ১০৮.১৮ ডলারে নেমে এসেছে। এর আগের দিনও এটির দাম ৪ শতাংশ কমেছিল। একইভাবে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৬৭ ডলার বা ১.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০০.৬০ ডলারে।

মঙ্গলবার ট্রাম্প হঠাৎ করে জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র যে অভিযান চালাচ্ছিল, তা সাময়িকভাবে স্থগিত করা হবে। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ নিয়ে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার ইঙ্গিত দিচ্ছে। এখন উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা তেলবাহী জাহাজগুলো ধীরে ধীরে চলাচল শুরু করতে পারবে। ফলে বাজারে তেলের সরবরাহ বাড়তে পারে।

তবে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। সম্ভাব্য চুক্তি হলেও সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে। এই অবরোধের কারণে বৈশ্বিক বাজারে সরবরাহ কমে যাওয়ায় গত সপ্তাহে ব্রেন্ট তেলের দাম ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে বৈশ্বিক মজুতও কমে এসেছে। উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে শোধনাগারগুলো চাপের মুখে রয়েছে।

বাজার সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় সপ্তাহে অপরিশোধিত তেলের মজুত কমেছে। ১ মে মজুত কমেছে প্রায় ৮.১ মিলিয়ন ব্যারেল। একই সময়ে পেট্রোলের মজুত কমেছে ৬.১ মিলিয়ন ব্যারেল এবং অন্যান্য জ্বালানি তেলের মজুত কমেছে ৪.৬ মিলিয়ন ব্যারেল।


শাপলা চত্বর হত্যাযজ্ঞ

img

রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

প্রকাশিত :  ০৮:১০, ০৬ মে ২০২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

আজ বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।

এসময় আসামিপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, অনুমতি দিলে মামলার ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হিসেবে বিচারকাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।

পাশাপাশি এদিন জলিল মন্ডলের জামিন চেয়ে আজ শুনানি করেন তার আইনজীবী। শুনানি শেষে শাপলা চত্বরের ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।

এর আগে গত ৩১ মার্চ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে পুলিশের সাবেক এ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন।