img

১৭ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত :  ১৬:০০, ০৩ মে ২০২৬

১৭ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এদের মধ্যে ১৬ জন  ডিআইজি ও ১ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা আছেন। 

আজ রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। 

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের অবসর প্রদান করা হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধাদি প্রাপ্য হবেন।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি (টিআর) সালেহ্ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক মো. হারুন-অর-রশীদ এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। 

তালিকায় আরও আছেন— নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট মো. হায়দার আলী খান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রফিকুল হাসান গনি, নৌ-পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী।

এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, রংপুর পিটিসির কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার এবং হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানমকেও অবসরে পাঠানো হয়েছে।

একই আদেশে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদকেও চাকরি থেকে অবসর দেওয়া হয়।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

img

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

প্রকাশিত :  ১৬:৫৭, ০৩ মে ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য প্রধানমন্ত্রী ও স্পিকারের উপস্থিতিতে শপথ নিলেন। আজ রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটের আসন বণ্টনের ভিত্তিতে এই সদস্যরা নির্বাচিত হয়েছেন। আজকের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন।

গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের সরকারি দল বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এবারের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী হিসেবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেত্রী নুসরাত তাবাসসুমের নাম বিশেষভাবে আলোচনায় ছিল। গতকালই নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ ও সক্রিয় নেতৃত্বের এই অংশগ্রহণ দেশের সংসদীয় রাজনীতিতে নতুন গতিশীলতা নিয়ে আসবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি নবনির্বাচিত সদস্যদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা স্পিকারের উপস্থিতিতে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এই নতুন নেতৃত্বের আগমনে সংসদের নারী প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হলো, যা আগামীর আইন প্রণয়ন ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।