মিথ্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিহিংসামূলক রায়ের বিরুদ্ধে যুক্তরাজ্যে জাসদের তাৎক্ষণিক প্রতিবাদ ও বিবৃতি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসামূলক রায়ের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাজ্যের পক্ষ থেকে সভাপতি এডভোকেট হারুনুর রশীদ এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তারা বলেন, ২০২৪ সালের ৫ আগষ্টে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর ড. ইউনুস সরকার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতকে উল্টে দেয়। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত সেই আদালতে বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিচার করাটাই একটি প্রহসন।
তারা বলেন, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জনাব হাসানুল হক ইনুর অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকার জন্যই তাঁর উপর এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে।
তারা বলেন, জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলায় আনীত ২০২৪ সালের ৫ আগষ্ট কুষ্টিয়ায় ৬ জন হত্যা, ২০২৪ এর জুলাই-আগষ্টে দেশের বিভিন্ন স্থানে সংঘঠিত হত্যাকান্ডের ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র যে দায় ও অভিযোগসহ যে ৮টি অভিযোগ আনা হয়েছিল সে অভিযোগগুলো আদালতের রায়েও প্রমাণিত হয়নি। তাঁর বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র দায় দেয়া হলেও তিনি ঐ সময় মন্ত্রী, বা এমপি, বা রাষ্ট্রীয়, বা সরকারী, বা প্রশাসনিক কোনো দায়িত্ব বা পদে ছিলেন না। ঐ সময় পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় কোনো আইনশৃংখলা রক্ষা বা নিরাপত্তা বাহিনীর উপর তাঁর কোনই নিয়ন্ত্রণ ছিল না। সরকার পক্ষ কুষ্টিয়ায় ৬ জনের হত্যাকান্ডের সাথে জনাব হাসানুল হক ইনুর সামান্যতম সংশ্লিষ্টতাও প্রমাণ করতে ব্যার্থ হয়েছে।
তারা বলেন, সাজানো আদালতে বিচারের নামে প্রহসনে জনাব হাসানুল হক ইনু নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন।
তারা জনাব হাসানুল হক ইনুর প্রতি অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে দেশ ও বিদেশের বিবেকবান মানুষ এবং মানবাধিকারে বিশ্বাসী সকল দেশ, সরকার, সংস্থার প্রতি প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।


















