img

জয় উদযাপন করতে গিয়ে কবজিতে চোট, বিশ্বকাপ হুমকির মুখে ইংল্যান্ড তারকা

প্রকাশিত :  ১৭:৩০, ০৬ জুলাই ২০২৬

জয় উদযাপন করতে গিয়ে কবজিতে চোট, বিশ্বকাপ হুমকির মুখে ইংল্যান্ড তারকা

ডিফেন্সিভ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন ইংল্যান্ডের জয়ের উৎসব পণ্ড করে দিলেন। আজতেকা স্টেডিয়ামে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে মেক্সিকো হারিয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড।

ম্যাচ শেষে উল্লাস করার সময় আহত হন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৩৬ বছর বয়সি এই খেলোয়াড় কব্জিতে গুরুতর চোট পাওয়ার কথা নিশ্চিত করেছেন দলটির কোচ টমাস টুখেল।

মেক্সিকোকে হারিয়ে এক দিকের গোলপোস্টের পিছনে ইংল্যান্ডের সমর্থকদের সামনে উল্লাস করছিলেন হ্যারি কেইনরা। গান গাইছিলেন খেলোয়াড়েরা। এরমাঝে উল্লাসের মাঝে মাঠের ধারের বোর্ড টপকাতে গিয়ে পা পিছলে পড়েন হেন্ডারসন। বেশ বাজে ভাবে পড়েন তিনি।

সতীর্থকে পড়ে যেতে দেখে ইংল্যান্ডের ফুটবলারেরা ছুটে যান। সবাই গোল করে ঘিরে রাখেন তাকে। ফিজিয়ো কিছুক্ষণ সেখানে হেন্ডারসনের চোট খতিয়ে দেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার পরেই দেখা যায়, স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।  

এতে কোচ টমাস টুখেলকে বেশ চিন্তিত দেখায়।

পরে সাংবাদিকদের সামনে হেন্ডারসনের চোট নিয়ে টুখেল বলেন, ‘ও পড়ে গিয়ে চোট পেয়েছে। ওর কব্জিতে লেগেছে।’ তবে হেন্ডারসনের চোট কতটা গুরুতর তা বলেননি কোচ।

ইংল্যান্ডের এই দলে হেন্ডারসন অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে এক জন। তিনি সাধারণত প্রথম একাদশে থাকেন না। কিন্তু কঠিন পরিস্থিতিতে তার উপর ভরসা করেন টুখেল। মেক্সিকো ম্যাচ যদি অতিরিক্ত সময়ে গড়াত, তা হলে হয়তো হেন্ডারসনকে নামাতেন তিনি। কিন্তু তার প্রয়োজন পড়েনি।


img

ইংল্যান্ডের জয়ের পর ক্যাপ্টেন কেনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

প্রকাশিত :  ১২:২০, ০৬ জুলাই ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই জয়ের পর দলটির অধিনায়ক হ্যারি কেইনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইংল্যান্ডের হ্যারি কেইন একজন দুর্দান্ত খেলোয়াড়!’
মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে কেইনের করা পেনাল্টি থেকেই ৩-২ গোলের গুরুত্বপূর্ণ জয় পায় ইংল্যান্ড। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সেই গোলই শেষ পর্যন্ত জয়ের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচে প্রথমে জুড বেলিংহ্যাম মাত্র ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। দ্বিতীয় গোলের অ্যাসিস্ট করেন হ্যারি কেইন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে জুলিয়ান কিনিওনেস গোল করে ব্যবধান কমান।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে জারেল কোয়ানসাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। এরপর ৬০তম মিনিটে অ্যান্থনি গর্ডন পেনাল্টি আদায় করলে স্পটকিক থেকে গোল করেন কেইন। চলতি বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল।
অবশ্য প্রায় ১০ মিনিট পর মেক্সিকোও একটি পেনাল্টি পায়। রাউল হিমেনেস গোল করে ব্যবধান ৩-২ করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

হ্যারি কেইনের প্রশংসায় শুধু ট্রাম্পই নন, ফুটবলবিশ্বের অনেকেই মুগ্ধ। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি ইতোমধ্যে ৭৩ গোল করেছেন। অনেকের মতে, বিশ্বকাপের জন্যই নিজের সেরা ফুটবল তুলে রেখেছিলেন ইংলিশ অধিনায়ক।