img

মিশরকে হারালে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড বা কলম্বিয়া

প্রকাশিত :  ১০:০৮, ০৭ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:২১, ০৭ জুলাই ২০২৬

মিশরকে হারালে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড বা কলম্বিয়া

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে মঙ্গলবার (৭ জুলাই) মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে লিওনেল মেসিদের সামনে জয়ের কোনো বিকল্প নেই।

আজকের ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া। টুর্নামেন্টের নকআউট সূচি অনুযায়ী, রাউন্ড অব ১৬-এ এই দুই দলের মধ্যকার ম্যাচের বিজয়ী দলই শেষ আটে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে। 

তবে কোয়ার্টার ফাইনালের সমীকরণে যাওয়ার আগে মিশরের চ্যালেঞ্জই এখন আর্জেন্টিনার মূল লক্ষ্য। মিশরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ যেকোনো বড় দলকে চমকে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। 

গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নকআউটে ওঠা আর্জেন্টিনা আজ জয় পেলে শেষ আটে আরেকটি কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। সেক্ষেত্রে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচের ফলের ওপর নির্ভর করবে তাদের পরবর্তী প্রতিপক্ষ।

এখন দেখার বিষয়, মিশরের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না আর্জেন্টিনা।

 


img

রূপকথার প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

প্রকাশিত :  ১৯:২৩, ০৭ জুলাই ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল । এরপর  অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। সেইসঙ্গে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের শুরুর ১০ মিনিট বেশ এলোমেলো খেলেছে আর্জেন্টিনা। মাঝমাঠে বারবার বল হারিয়েছে। অন্যদিকে, ম্যাচের ১৫ মিনিটে গোলের দেখা পায় মিশর। মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে হেড করে বল জালে পাঠান ইয়াসের ইব্রাহিম।

এরপর ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি অধিনায়ক মেসি। ডান দিকের নিচু কোণ ঘেঁষে তার নেওয়া শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দিলেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের।  

ম্যাচে ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ২৮ মিনিটে ম্যাক আলিস্টারের দারুণ হেড রুখে দেন মিশরীয় গোলকিপার। এরপর ম্যাচের ৩৯ মিনিটে আলভারেজকেও হতাশ করেন মিশরের গোলরক্ষক শোবের। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। 

এরপর ম্যাচের ৬৭ মিনিটে আবারও গোলের দেখা পায় মিশর। দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলের লিড দ্বিগুণ করেন মোস্তাফা জিকো। 

ম্যাচের ৭৯ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। লিওনেল মেসির ক্রস থেকে হেড করে ব্যবধান কমান ক্রিশ্চিয়ান রোমেরো। এর ৪ মিনিট পর গোল করে দলকে সমতায় ফেরান মেসি।  

এরপর ম্যাচের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে প্রথবারের মতো লিড এনে দেন এনজো ফার্নান্দেজ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।