img

স্টুডেন্ট ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র, বিপাকে শিক্ষার্থীরা

প্রকাশিত :  ১০:২৬, ১৭ জুলাই ২০২৬

স্টুডেন্ট ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র, বিপাকে শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। এর মাধ্যমে কয়েক দশক ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ পদ্ধতির অবসান ঘটতে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এ-সংক্রান্ত নতুন বিধিমালা জারি করেছে।

নতুন নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণভাবে সর্বোচ্চ চার বছরের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন। অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের এক দফায় সর্বোচ্চ ২৪০ দিন অবস্থানের সুযোগ দেওয়া হবে। তবে চীনা সাংবাদিকদের ক্ষেত্রে এই সময়সীমা হবে সর্বোচ্চ ৯০ দিন।

নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। অন্যথায়, দেশ ছেড়ে গিয়ে নতুন করে ভিসার আবেদন করে পুনরায় প্রবেশ করতে হবে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর নতুন এই বিধিমালা কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এর আগে কংগ্রেসে পর্যালোচনার প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিশ্লেষকদের আশঙ্কা, নতুন এই নীতির প্রভাব আগামী আগস্ট ও সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে পড়তে পারে।

ডিএইচএসের দাবি, গত বছরে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থীর কারণে তাদের কার্যকরভাবে পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে বলেই এই পরিবর্তন আনা হচ্ছে।

তবে অভিবাসন আইনজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, গবেষণা ও শিক্ষকতার সুযোগ আরও ব্যয়বহুল এবং জটিল হয়ে উঠতে পারে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের আকর্ষণও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।


শিক্ষা এর আরও খবর

img

আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ

প্রকাশিত :  ০৫:৩৪, ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৪০, ১৫ জুলাই ২০২৬

পরীক্ষা স্থগিতের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই আজ, ১৫ জুলাই, দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে শিক্ষা অঙ্গনে একদিকে পরীক্ষা গ্রহণ, অন্যদিকে আন্দোলন—দুই পরিস্থিতিই একসঙ্গে চলছে।

আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়েছে। একই সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।

তবে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এ দিনের পরীক্ষা স্থগিত রয়েছে। অন্যদিকে, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাকি সব শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। এ কারণে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী। তাদের দাবির মধ্যে রয়েছে— বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘোষণায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার পরীক্ষা শেষে বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হবে। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন’— এই স্লোগানে ঘোষিত কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষা এর আরও খবর