img

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: স্বামী-স্ত্রী-শিশু কেউই বাঁচল না

প্রকাশিত :  ০৯:১৫, ২৬ জুলাই ২০২৬

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: স্বামী-স্ত্রী-শিশু কেউই বাঁচল না

রাজধানীর উত্তর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে কুমিল্লার দেবিদ্বারের এক নবদম্পতি ও তাদের সঙ্গে থাকা আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তিন দিনের ব্যবধানে মারা যান ফাহিমা আক্তার, তার স্বামী আনোয়ার হোসেন শাহিন এবং তাদের ভাগনি হাফসা।

গত ২১ জুলাই রাত ৩টার দিকে ভাড়া বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।

পরিবারের বরাতে জানা যায়, নিহত ফাহিমা আক্তার দেবিদ্বার উপজেলার গোমতী আবাসিক এলাকার গোলাম হোসেনের ছোট মেয়ে। তিনি জাফরগঞ্জ মীর আব্দুল গফুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে অনার্সে ভর্তি হয়েছিলেন। পড়াশোনার পাশাপাশি কেক তৈরি ও পোশাক বিক্রিসহ অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় দেড় মাস আগে স্বামী শাহিনকে নিয়ে উত্তর বাড্ডার ভাটারা এলাকার একটি বাসায় ওঠেন। তাদের সঙ্গে ঢাকায় আসে ফাহিমার বড় বোনের আট বছরের মেয়ে হাফসা। বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান শাহিন। শুক্রবার মারা যায় শিশু হাফসা। সর্বশেষ শনিবার সন্ধ্যায় ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ফাহিমার মৃত্যু হয়।

শুক্রবার হাফসাকে দেবিদ্বারের সুলতানপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শাহিনকে দাফন করা হয় বাঙ্গুরী গ্রামের পারিবারিক কবরস্থানে। রোববার সকালে গোমতী আবাসিক এলাকার চানমিয়া মার্কেট মাঠে ফাহিমার জানাজা শেষে একই কবরস্থানে স্বামীর পাশে তাকে দাফন করা হয়।

ফাহিমার বাবা গোলাম হোসেন অভিযোগ করে বলেন, বাসায় ওঠার পর থেকেই গ্যাস লিকেজের বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সময়মতো ব্যবস্থা নিলে এ দুর্ঘটনা এড়ানো যেত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।


বাংলাদেশ এর আরও খবর

img

ঢাবি ভর্তি পরীক্ষা: আবেদনের সময় বাড়ল ২ দিন

প্রকাশিত :  ০৮:৩০, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানো হচ্ছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সময় বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটই আবেদনের শেষ সময় হিসেবে বহাল রয়েছে।

আবেদন করেছেন ২ লাখের বেশি শিক্ষার্থী

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়। সোমবার পর্যন্ত ১২ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৩৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

বাংলাদেশ এর আরও খবর