img

ওসমানীনগরে দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ থেকে ৩ লাখ

প্রকাশিত :  ০৯:৫৩, ০৮ আগষ্ট ২০২৬

 ওসমানীনগরে দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ থেকে ৩ লাখ

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

সরকারের এ উদ্যোগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা আর্থিক সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে হতাহতদের এই আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এই দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীনদের দেখতে শনিবার সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

হতাহতদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা আরিফুল হক চৌধুরী বলেন, বিআরটিএর মাধ্যমে নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। ওই ফরম যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্টরা সরকারি অনুদানের টাকা পাবেন।

এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। বিশেষ করে সকালে মহাসড়ক ফাঁকা থাকায় চালকদের বেপরোয়া গতি ও অহেতুক প্রতিযোগিতার বিষয়ে নজরদারি বাড়ানোর কথা জানান তিনি।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন। মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটিঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়, পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা সবাই ছিলেন ইউনিক পরিবহনের যাত্রী। এ ছাড়া দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেটের খবর এর আরও খবর

img

মাধবপুরে কৃত্রিম ভূকম্পন, এলাকায় আতঙ্ক

প্রকাশিত :  ০৯:১০, ১৭ নভেম্বর ২০২৬

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় গ্যাস অনুসন্ধানে সিসমিক জরিপের অংশ হিসেবে ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। তবে এ কার্যক্রমের কারণে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়িঘরে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠায় অনেকে ভূমিকম্প মনে করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দেশের গ্যাসসম্পদ অনুসন্ধানের কাজে তাদের কোনো আপত্তি নেই। বরং এ কাজে তারা সহযোগিতা করতে চান। তবে এমন কার্যক্রম শুরুর আগে এলাকাবাসীকে যথাযথভাবে জানানো প্রয়োজন ছিল। কী ধরনের জরিপ হচ্ছে, কেন বাড়িঘর কাঁপছে এবং এতে কোনো ঝুঁকি আছে কি না এসব বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, তেলিয়াপাড়া, সুরমা চা বাগান ও তেলিয়াপাড়া চা বাগানসহ আশপাশের এলাকায় স্থানভেদে প্রতিদিন ১০ থেকে ১৫ বার কম্পন অনুভূত হচ্ছে। এতে বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা বেশি আতঙ্কিত হচ্ছেন। হঠাৎ কম্পন শুরু হলে অনেকেই ঘর ছেড়ে বাইরে ছুটে আসছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় সম্পদ গ্যাস অনুসন্ধানে তাঁদের কোনো আপত্তি নেই। তবে এ ধরনের কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্ট এলাকার মানুষকে যথাযথভাবে অবহিত করা, জরিপের ধরন ও সম্ভাব্য কম্পন সম্পর্কে বিস্তারিত জানানো এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানো প্রয়োজন। আগাম তথ্য না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে জনসাধারণের উদ্বেগ দূর করতে বাপেক্সসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ দাবি করেছেন তাঁরা।

তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা অসীম রায় বলেন, “গ্যাস আমাদের জাতীয় সম্পদ। গ্যাস অনুসন্ধানের কাজে এলাকাবাসীর কোনো আপত্তি নেই। বরং এ কাজে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু সিসমিক জরিপের অংশ হিসেবে ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করায় বাড়িঘর কেঁপে ওঠে। এতে মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। এ কার্যক্রম শুরুর আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকাবাসীকে অবহিত করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তাই বাপেক্স কর্তৃপক্ষের উচিত, এ কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত প্রচার-প্রচারণা চালানো এবং সাধারণ মানুষকে সচেতন করা।”

সুরমা চা বাগানের ৮ নম্বর এলাকার বাসিন্দা আজাদ মিয়া বলেন, স্থানভেদে প্রতিদিন ১০ থেকে ১৫ বার সিসমিক জরিপের কারণে বাড়িঘর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। হঠাৎ এমন কম্পন অনুভূত হলে ভূমিকম্প হচ্ছে ভেবে আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। তাঁর অভিযোগ, এ ধরনের কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল এলাকাবাসীকে বিষয়টি জানানো।

এ বিষয়ে বাপেক্সের ২-ডি সিসমিক জরিপের সমন্বয়ক মোস্তফা কামাল বলেন, হ্যান্ডবিল বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। সিসমিক জরিপের অংশ হিসেবে কৃত্রিম কম্পন সৃষ্টি করা হলেও ৮০ মিটার দূরত্বে থাকা বাড়িঘরের কোনো ক্ষতি হয় না বলে জানান তিনি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাপেক্সের জনসংযোগ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, সিসমিক জরিপ সম্পর্কে হ্যান্ডবিল বিতরণ ও মাইকিং করা হয়েছে। তবে সাধারণ মানুষকে প্রত্যাশিত মাত্রায় সচেতন করা সম্ভব হয়নি। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি এক-দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান বলেন, এ বিষয়ে কয়েক দিন আগে তিনি বাপেক্সের সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) সঙ্গে কথা বলেছেন। ওই এলাকার একজন বাসিন্দা কৃত্রিম কম্পন সৃষ্টি নিয়ে তাঁর কাছে অভিযোগ করেছিলেন। এ ধরনের কার্যক্রম শুরুর অন্তত এক দিন আগে স্থানীয় বাসিন্দাদের মাইকিং কিংবা মসজিদের মাইকের মাধ্যমে জানানো প্রয়োজন, যাতে তাঁরা আগে থেকেই বিষয়টি সম্পর্কে অবগত থাকতে পারেন। এ বিষয়ে বাপেক্স কর্তৃপক্ষের সঙ্গে আবারও কথা বলবেন বলে জানান তিনি।

সিলেটের খবর এর আরও খবর