img

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশিত :  ১৩:৫৬, ১২ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৩২, ১২ আগষ্ট ২০২৬

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আজ বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যায়।

এছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং বহুমাত্রিক। বাণিজ্য ও বিনিয়োগসহ অর্থনৈতিক সহযোগিতা এই সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা এবং সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরে তিনি বলেন, সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তর ও নতুন সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে। এ সময় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশব বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাউন্সিলের আগ্রহের কথা জানান।

সাক্ষাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিল্প ও অবকাঠামো খাতে সহযোগিতা, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ নিয়েও মতবিনিময় হয়।

উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব আরও গভীর করার মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে।


জাতীয় এর আরও খবর

img

রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল

প্রকাশিত :  ১৮:১৭, ১২ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৩২, ১২ আগষ্ট ২০২৬

বিদ্যুৎ সাশ্রয় এবং সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করতে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে চাপ কমাতে আলোকসজ্জা ও নির্দিষ্ট সময়ের মধ্যে বিলবোর্ড বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তার মাধ্যমে এই নতুন সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে বিদ্যুৎ বিভাগের গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী মার্কেট খোলা রাখার সময় রাত ৯টা পর্যন্ত নির্ধারিত থাকলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চলমান বা অনুষ্ঠিতব্য সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যেই আবশ্যিকভাবে শেষ করতে হবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং সব ধরনের আলোকসজ্জা বা লাইটিং সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

তবে জরুরি সেবা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো এই নতুন সময়সীমার আওতাভুক্ত হবে না। এর মধ্যে রয়েছে খাবারের হোটেল ও রেস্তোরাঁ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এবং অন্যান্য জরুরি ওষুধ ও চিকিৎসাসংশ্লিষ্ট দোকান। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমাতে এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতেই সরকার এই সময়োপযোগী ও পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যুৎ বিভাগ থেকে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি ও কর্তৃপক্ষকে সরকারি এই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


জাতীয় এর আরও খবর