img

ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না

প্রকাশিত :  ১৮:৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কিনা, তা এখনো নিশ্চিত নয় ভারতের কাছে। তিনি অংশ না নিলে বাংলাদেশ থেকে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন কিনা, সে বিষয়েও কোনো তথ্য নেই নয়াদিল্লির কাছে। সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে এমন অনিশ্চয়তার কথা জানিয়েছে ভারত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলনের সম্প্রসারিত পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর আগে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। 

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই ওই আমন্ত্রণ জানানো হয়।তবে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সফর নিয়ে আলোচনা চলার মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। বাংলাদেশ সরকারের অভিযোগ, ভারতে অবস্থান করে শেখ হাসিনা নিয়মিতভাবে বাংলাদেশের বর্তমান সরকার ও দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।

গত ৫ আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বক্তব্য দেন। এ ঘটনায় বাংলাদেশ সরকারের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জোরালো করা হয়। একই সঙ্গে তাকে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা চালানো থেকে বিরত রাখার অনুরোধ জানানো হয় নয়াদিল্লিকে।এর পরিপ্রেক্ষিতেই তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। তবে ব্রিকস সম্মেলনে বাংলাদেশ কীভাবে অংশ নেবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি।

শুক্রবারের ব্রিফিংয়ে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়েও একাধিক প্রশ্নের মুখে পড়েন রণধীর জয়সোয়াল। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার সম্ভাবনা, বিচার এবং নিজের নিরাপত্তা নিয়ে বক্তব্য দিয়েছেন।এক সাংবাদিক সাক্ষাৎকারগুলোর সময় নিয়ে ভারতের সরকারের কোনো বক্তব্য আছে কিনা, জানতে চাইলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

আরেক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা দাবি করেছেন, ডিসেম্বর মাসে দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো সমঝোতা হয়নি। তার সঙ্গে সরকারের কোনো নেপথ্য আলোচনাও চলছে না। দেশে ফিরলে ব্যক্তিগত নিরাপত্তা, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ এবং স্বাধীন ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার বিষয়েও তিনি কথা বলেছেন। 

এসব বিষয়ে তিনি ভারত সরকারকে কিছু জানিয়েছেন কিনা, তা জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, এ বিষয়েও তার কোনো তথ্য নেই।

এদিকে ৫ আগস্টের পর নয়াদিল্লির ওই সংবাদকেন্দ্রে আরেকটি আন্তর্জাতিক আলোচনা সভার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। ওই অনুষ্ঠানে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত কয়েকজনের অংশ নেওয়ার কথা ছিল।

সব মিলিয়ে ব্রিকস সম্মেলন ঘিরে বাংলাদেশের অংশগ্রহণ এখনো স্পষ্ট নয়। তারেক রহমান নিজে যাবেন, নাকি অন্য কোনো প্রতিনিধি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও শুক্রবার পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি।

জাতীয় এর আরও খবর

img

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১০:৪৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরের দিন-তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান। তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।

হুমায়ুন কবির বলেন, ভারতের সাথে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশি দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক থাকাই উচিত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে বুঝা যাবে। তবে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন জ্বালানি খাতকে। জ্বালানি খাতের সঙ্কট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মক্কা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে থাকছে। 

তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে।

আমেরিকার কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে তিনি বলেন, বোয়িং কিনতে হবে এটা কেউ চাপিয়ে দিচ্ছে না। চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে আরও কেনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার এই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি হবে।

এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।


জাতীয় এর আরও খবর