img

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি, সভাপতি পদে নেই বিরোধীদলের কেউ

প্রকাশিত :  ১৯:৩৯, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি, সভাপতি পদে নেই বিরোধীদলের কেউ
জাতীয় সংসদে নতুন করে আরও ১০টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির কোনো একটির সভাপতির পদেও বিরোধী দলের সদস্যকে রাখা হয়নি।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) চিফ হুইপ নূরুল ইসলাম মনি আলাদাভাবে ১০টি কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে সেগুলো কণ্ঠভোটে পাস হয়।

এর আগে, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের অধিবেশনে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এর একটিতেও বিরোধী দল থেকে সভাপতি দেওয়া হয়নি। এর প্রতিবাদে বিরোধী দলের অধিকাংশ সদস্যকে আসন ছেড়ে সংসদ কক্ষ ত্যাগ করতে দেখা যায়। তবে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেননি তারা।

জাতীয় সংসদের মোট সংসদীয় কমিটি ৫০টি। এর মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯ ও বিষয়ভিত্তিক ১১টি সংসদীয় কমিটি রয়েছে। সর্বশেষ গঠিত এই ১০টিসহ এখন পর্যন্ত ৩৬টি কমিটি গঠন করা হলো। এর মধ্যে শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি দেওয়া হয়েছে বিরোধী দল থেকে।

খাদ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে আবদুস সালাম পিন্টুকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়াকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মুন্সী রফিকুল আলমকে।

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে জয়নুল আবদিন ফারুককে।

মৎস‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাহমুদা হাবীবা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বরকতউল্লা বুলু ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবদুল ওয়াদুদ ভূঁঞাকে।

এ ছাড়া রোববার কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায়ের বদলে বিএনপির আরেক সংসদ সদস্য শাহাদাত হোসেনকে এ কমিটির সভাপতি করা হয়েছে।

জাতীয় এর আরও খবর

img

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশিত :  ১৩:০১, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে পুরো দেশকে সহনশীলতার রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যেতে বলেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক বক্তব্যে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, হানাহানি ও সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন আর হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে এদিন বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণ করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হবে। এ বিশ্ববিদ্যালয় স্থাপন ঠাকুরগাঁওসহ এ অঞ্চলের মানুষের জন্য আনন্দের দিন। এর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।

রাষ্ট্রপতির ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এ জনপদে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই তার প্রথম সরকারি সফর। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জাতীয় এর আরও খবর