img

সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ০৬:০৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটিতে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন ট্রাভেল অ্যাডভাইজরিতে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটিকে ভ্রমণ সতর্কতার লেভেল-৩-এ রাখা হয়েছে।

বুধবার (সেপ্টেম্বর ১৬) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইট থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।

সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও মিসাইল হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক মাধ্যমের কার্যক্রম সংক্রান্ত স্থানীয় আইনগুলোর বিষয়ে সতর্কতা রয়েছে।

এতে আরও বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি তুলনামূলক বেশি।

এদিকে প্রতিবেশী দেশ ইয়েমেন ভ্রমণের কথা ভাবছেন এমন মার্কিন নাগরিকদের জন্য এর আগে জারি করা লেভেল-৪ বা ‘ভ্রমণ করবেন না’ সতর্কতা এখনও বহাল রয়েছে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় যেসব দেশে

প্রকাশিত :  ০৬:০৬, ২০ নভেম্বর ২০২৬

মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বিশ্বে আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৫ সালে অন্তত ১৭টি দেশে ২ হাজার ৭০৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮১ সালের পর এক বছরে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য আর পায়নি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির ২০২৬ সালের মে মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় শীর্ষে রয়েছে চীন। দেশটিতে প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও প্রকৃত সংখ্যা প্রকাশ করে না সরকার। ফলে চীনের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।

অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ২ হাজার ১৫৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আগের বছরের তুলনায় দেশটিতে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটিতে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।

তালিকার পরের অবস্থানগুলোতে রয়েছে ইয়েমেন, যুক্তরাষ্ট্র ও মিশর। ইয়েমেনে অন্তত ৫১ জন, যুক্তরাষ্ট্রে ৪৭ জন এবং মিসরে ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ ছাড়া সোমালিয়া, কুয়েত ও সিঙ্গাপুরে ১৭ জন করে এবং আফগানিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পেয়েছে অ্যামনেস্টি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে অন্তত ১ হাজার ৫১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। এক বছরের ব্যবধানে এই সংখ্যা ৭৮ শতাংশ বেড়েছে। তবে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামের মতো দেশে তথ্য গোপন রাখার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় অর্ধেকই হয়েছে মাদকসংক্রান্ত অপরাধে। ইরান, সৌদি আরব, চীন, কুয়েত ও সিঙ্গাপুরে এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, বিশ্বের অনেক দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে বা এর প্রয়োগ বন্ধ রেখেছে। অ্যামনেস্টির হিসাবে, ২০২৫ সালের শেষ নাগাদ ১১৩টি দেশ আইনগতভাবে সব অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাতিল করেছে। আরও কয়েকটি দেশ আইন বা বাস্তবে এর প্রয়োগ বন্ধ রেখেছে।

সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক এর আরও খবর