img

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ০৬:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে কংগ্রেসকে অবহিত করেছে। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এ চুক্তি কার্যকর হলে কোনো আরব দেশের কাছে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এ যুদ্ধবিমান বিক্রি হবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রস্তাবিত বিক্রয় চুক্তি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ একটি নন-ন্যাটো মিত্রের নিরাপত্তা জোরদার করবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) কয়েক মাস ধরে এ চুক্তির অগ্রগতি নিয়ে প্রতিবেদন করে আসছিল। গত বছরের নভেম্বরে তারা জানায়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের নতুন প্রতিরক্ষা অংশীদারত্বের আওতায় সৌদি আরবের এফ-৩৫ কেনার বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়া হবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউসে সফরের সময় ওই প্রতিরক্ষা অংশীদারত্ব চূড়ান্ত হয়।

এরপর গত ডিসেম্বরে এমইই জানায়, সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলের ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ বা সামরিক শ্রেষ্ঠত্বের বিষয়টি পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। বছরের শুরুতে মার্কিন সামরিক কর্মকর্তারা কংগ্রেসের ক্যাপিটল হিলে এ বিষয়ে একাধিক বৈঠকও করেন।

চুক্তিটি এগিয়ে নিতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান চলতি গ্রীষ্মে একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেন বলে মার্কিন কর্মকর্তারা এমইইকে জানিয়েছেন।

তবে চুক্তির ঘোষণা এমন এক সময়ে এল, যখন ইয়েমেনের হুথিদের হামলা নিয়ে সৌদি আরব চাপের মধ্যে রয়েছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে রয়েছে সৌদি আরব। অন্যদিকে ইয়েমেনে সৌদি আরবের সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে হিমশিম খাচ্ছে। এমইইর প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পুরো অংশের পাশাপাশি বাব আল-মান্দাব প্রণালির আরব উপসাগরমুখী অংশের নিয়ন্ত্রণও নিয়েছে।

সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির বিরোধিতা করে আসছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে মার্কিন ঘোষণাটি তাঁর অবস্থানের জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সৌদি আরব এফ-৩৫ পেলে চীনের হাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি চলে যেতে পারে-এমন আশঙ্কা রয়েছে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা মহলের কিছু কর্মকর্তার মধ্যে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমসও মার্কিন প্রশাসনের ঘোষণার এক দিন আগে এ ধরনের উদ্বেগের কথা জানিয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর

img

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

প্রকাশিত :  ০৯:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাট জেলায় জুমার নামাজের সময় মসজিদের কাছে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

প্রদেশটির রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পুরোনো পুলিশ লাইনসের কাছে ওই মসজিদটি অবস্থিত। শুক্রবার জুমার নামাজ চলাকালে মসজিদের বাইরে বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে একটি বড় গর্তের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, আহতদের অধিকাংশই মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি।

কোহাট জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট (এমএস) তাহির আলী শাহ জিও নিউজকে জানান, হামলার পর হাসপাতালটিতে ১৫ জনের লাশ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।

ডন-কে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জুলফিকার হামিদও হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান। তিনি বলেন, একটি গাড়িতে থাকা আত্মঘাতী হামলাকারী প্রথমে ভবনের ফটকে আঘাত করে বিস্ফোরণ ঘটায়। এরপর কয়েকজন হামলাকারী কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) ভবনের দিকে এগিয়ে গেলে সেখানে তাদের নিষ্ক্রিয় করা হয়। আর তিনজন হামলাকারী স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে চলে যায়।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফয়জি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থলের পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

আন্তর্জাতিক এর আরও খবর