img

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত :  ১৩:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ককে পুনরায় সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আঞ্চলিক সহযোগিতা জোরদার ও সার্কের কার্যক্রম গতিশীল করতে এ সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ঢাকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে এই অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চেয়েছে বাংলাদেশ।

ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সংক্ষিপ্ত আলাপকালে ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান তারা।

ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উন্নয়নে বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি জোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন মঈন খান এবং হুমায়ুন কবির। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ভূয়সী প্রশংসাও করেন তারা।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেরিং তোবগে জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।


img

রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

প্রকাশিত :  ১৮:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:৫০, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর কাফরুলে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম যুগান্তরকে জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে  আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি। 

এদিকে আজ দুপুর থেকে রাজধানীর কয়েকটি স্থানে আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেটের কাছে এবং সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে এসব বিস্ফোরণ হয়। রাজধানীর প্রতিনিধিদের পাঠানো খবর- 

যাত্রাবাড়ীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পথচারীরা ভয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে দেখা যায়।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু যুগান্তরকে বলেন, যাত্রাবাড়ীর পৃথকস্থানে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন অটোরিকশা চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোথা থেকে বিস্ফোণের ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যায়নি। তবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের উপ-পুলিশ কমিশনার মীর মহশীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঢাকা মেডিকেলে আহত অটোরিকশা চালকের খোঁজ খবর নেন। এ ঘটনার পর থেকে যাত্রাবাড়ী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছাকাছি এবং মহাখালী এলাকায় পৃথক এ বিস্ফোরণ ঘটে। মহাখালীতে পরপর দুটি ককটেল ও প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এছাড়া জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহণের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি। ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।


জাতীয় এর আরও খবর